
শাহজাহান খন্দকার ।। উলিপুর
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনি)-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উলিপুর উপজেলার আনছারী আইটি প্রতিষ্ঠানে উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এ সভায় উলিপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুড়িগ্রাম-৩ আসনে এনসিপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচিত হতে পারি কিংবা না পারি—উলিপুরের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড তিনি নিজস্ব তহবিল থেকে সামর্থ্য অনুযায়ী অব্যাহত রাখবেন বলে অঙ্গীকার করেন।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই জাতীয় নাগরিক পার্টির রাজনীতির মূল লক্ষ্য। সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার বাস্তব সমস্যা তুলে ধরার আহ্বান জানান।
এ সময় উপস্থিত সাংবাদিকরা উলিপুরের শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। জবাবে প্রার্থী এসব বিষয়ে তাঁর পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন।
মতবিনিময় সভায় এনসিপির উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :