
কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ঘোষণা করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত হলে কুড়িগ্রামের প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবেন, যাতে সাধারণ মানুষ যেকোনো সময় সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পোদ্দারপাড়ায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় উপস্থিত অনেক ভোটার অভিযোগ করেন, অতীতে এমপিদের সঙ্গে শুধু নির্বাচনের সময়ই দেখা পাওয়া গেছে, এরপর আর তাদের খোঁজ মেলেনি। এর জবাবে ড. আতিক মুজাহিদ বলেন, “আমি আপনাদের ভালো সন্তান হতে চাই, আপনাদের দায়িত্ব নিতে চাই। আপনারা যেন যেকোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন,সেই ব্যবস্থাই আমি করবো।”
তিনি অভিযোগ করেন, একটি দল কার্ডের লোভ দেখিয়ে অপরাজনীতি করছে। ড. আতিক মুজাহিদ বলেন, “আমি কার্ডের রাজনীতি বন্ধ করবো। কুড়িগ্রামকে একটি কর্মমুখর জেলা বানাবো। কার্ড আর কম্বল দেখিয়ে এ জেলার মানুষকে আর পিছিয়ে রাখা হবে না।”

স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, কুড়িগ্রামের অনেক ডাক্তার এখানে থাকতে চান না, ঢাকায় বদলির জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘোরেন। “আমরা এই সিস্টেম বন্ধ করবো। ঢাকায় পাঠাবো না, বরং উল্টো আরও ভালো ডাক্তার কুড়িগ্রামে নিয়ে আসবো,”
সমাবেশে স্থানীয় একাধিক ভোটার বলেন, “আতিক মুজাহিদের কথাগুলো আমাদের ভালো লাগে। যে কথা বলে, সেই অনুযায়ী কাজ করতে পারলে কুড়িগ্রামের আর অভাব থাকবে না।”
সমাবেশে রাজারহাটের স্থানীয় জোট সঙ্গীদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. কফিল উদ্দিনসহ এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :