
মাইনুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা পশুরীপাড়া এলাকার আইয়ুব আলী অভিযোগ করেছেন যে, ভূমি রেকর্ড সংশোধন নিয়ে তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন।
তিনি জানান, দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার প্রথমে ঘটনাস্থলে এসে তদন্ত করেন। তদন্তকালে বাদী-বিবাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সরেজমিন তদন্তে রেকর্ডপত্র যাচাই করে দেখা যায়, সিনিয়র সহকারী জজ আদালত, উলিপুর, কুড়িগ্রাম-এর ৩৪/২০০১ নম্বর মোকদ্দমার আদেশ অনুযায়ী যমুনা মৌজার ১৩৬৫, ১৩৬৯, ১৩১৯ ও ৬৫১ নম্বর খতিয়ানগুলো যথাক্রমে নুর হোসেন, নুরুজ্জামান সরকার, আব্দুল মান্নান প্রমুখের নামে লিপিবদ্ধ রয়েছে। আদালতের আদেশ অনুযায়ী বাদীপক্ষ সোল সূত্রে ০.৩০ একর জমির মালিকানা সাব্যস্ত হন। বর্তমানে ওই জমি বিবাদীর দখলে রয়েছে এবং তাতে কোনো সরকারি স্বার্থ জড়িত নেই।
এরপর দুর্গাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোছাঃ মেরীনা ইয়াছমিন উক্ত তদন্তের ভিত্তিতে রেকর্ড সংশোধনের প্রতিবেদন দাখিল করেন। কিন্তু প্রতিবেদনে ভুল আছে মনে করে আইয়ুব আলী পুনরায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর ভূমি সহকারী কর্মকর্তা মোছাঃ মেরীনা ইয়াছমিন পুনরায় যাচাই করে জানান যে, ২০/০৯/২০২৩ তারিখের আদেশ অনুযায়ী আবেদনের সঙ্গে রেকর্ডপত্রের কোনো মিল পাওয়া যায়নি। তাই উক্ত প্রতিবেদন প্রেরণ করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
দীর্ঘদিন ধরে ভূমি রেকর্ড সংশোধনজনিত হয়রানির শিকার হয়ে আইয়ুব আলী কুড়িগ্রাম জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন। একই সঙ্গে তিনি উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ন্যায্য সমাধান ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেছেন।
আপনার মতামত লিখুন :