
নূর মোহাম্মদ রোকন, উলিপুর
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পরিচালিত উচ্ছেদ অভিযানে অবৈধ দখল থেকে ৭০ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬ খ্রি.) জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকার পেরিফেরিভুক্ত ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল। অভিযানের মাধ্যমে এসব জমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ। উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও এসময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :