ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার কর্তৃক প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকি থানায় জিডি


Shahariar Srejon প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে বিএনপি নেতার কর্তৃক প্রকৌশলীকে প্রাণ নাশের হুমকি থানায় জিডি

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রকৌশলী মোঃ ইনছাফুল হক সরকারকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী এবং জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মামুন ব্যাপারীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল উপজেলা প্রকৌশলীর অফিস কক্ষে প্রবেশ করে হামলার চেষ্টা চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে অফিস থেকে বের হওয়ার সময় ফারুক রহমান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুনরায় প্রাণনাশের হুমকি প্রদান করেন।

উপজেলা প্রকৌশলী মোঃ ইনছাফুল হক সরকার জানান, তিনি বর্তমানে ভীতির মধ্যে দায়িত্ব পালন করছেন এবং যে কোনো সময় পুনরায় হামলার আশঙ্কা করছেন। ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করেই তিনি থানায় জিডি করেছেন।

ঘটনার পেছনে এলজিইডি কার্যালয়ের একটি অফিস আদেশকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। গত ৬ এপ্রিল উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এলসিএস সুপারভাইজার ফারুক রহমানকে প্রশাসনিক জটিলতা সৃষ্টি ও অসদাচরণের অভিযোগে পদ থেকে অব্যাহতি দিয়ে তার চুক্তিপত্র বাতিল করা হয়। এর পরদিনই এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে বিএনপি নেতা মামুন ব্যাপারী বলেন, ফারুক রহমান এলজিইডি অফিসে এলসি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। চাকরি থেকে অব্যাহতির বিষয়টি জানতে তিনি অফিসে যান। এ সময় কথাবার্তার এক পর্যায়ে কিছু যুবক উত্তেজিত হয়ে অশালীন আচরণ ও গালিগালাজ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা আর সম্পন্ন হয়নি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে ঘটনার তদন্ত শুরু করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।