মো. কাজল ইসলাম | Hamar Kurigram
কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদরাসার ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে হাবিবুল্লাহ (২৫) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ। অভিযুক্ত হাবিবুল্লাহ ওই ইউনিয়নের দোখলাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার জানায়, শিশুটি ওই মাদরাসায় আবাসিক থেকে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। মঙ্গলবার রাতে পড়াশোনা শেষে সে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে নিজের বিছানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। পরে বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পরদিন বুধবার (১২ আগস্ট) ভোরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দেন।
এ ঘটনায় শিশুটির মা উলিপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ মাদরাসা থেকে শিক্ষক হাবিবুল্লাহকে আটক করে।
এদিকে শিক্ষক আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাদরাসার সামনে জড়ো হন। একপর্যায়ে বিক্ষুব্ধ কয়েকজন পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”






