উলিপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন মন মাছ নিধন


HK প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন /
উলিপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন মন মাছ নিধন

মোঃ মাইনুল ইসলাম, উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দারুসসালাম গ্রামের বাসিন্দা মোঃ উমর ফারুক (৪১) দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ বেলাল হোসেন, মোঃ খলিলুর রহমান, মোঃ আল আমিন, মোঃ আব্দুস সাত্তার ও মোঃ আব্দুল জলিলের সঙ্গে জমি-সংক্রান্ত বিরোধে জড়িত রয়েছেন। এ বিষয়ে একটি মামলা (নং-৮০/২৬) বর্তমানে চলমান রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, পূর্ব বিরোধের জেরে বিবাদীরা প্রায়ই তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল ভোর আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা তার বাড়ি থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে অবস্থিত নিজস্ব পুকুরের উত্তর পাড়ে এসে পানিতে বিষ জাতীয় পদার্থ নিক্ষেপ করে।

এ সময় উমর ফারুক পুকুরে মাছ দেখতে গিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন। তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে অল্প সময়ের মধ্যেই পুকুরে থাকা দেশীয় প্রজাতির মাছ মরতে শুরু করে এবং একপর্যায়ে প্রায় তিন মন মাছ মারা যায়। এতে তার আনুমানিক ৩৬ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হামিদুল ইসলাম ও মোঃ সিরাজুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন বলে অভিযোগে বলা হয়।

ভুক্তভোগী জানান, প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় কিছুটা বিলম্বে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।