
শাহাজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুরে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিবিজড়িত ‘উলিপুর কবরস্থান’-এ নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি সমাধিস্থলটি রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার অভাবে অবহেলিত হয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জনগণের দাবির প্রেক্ষিতে ও স্থানীয় প্রশাসনের নির্দেশে শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণের অংশ হিসেবে উক্ত কবরস্থানে আনসার সদস্যদের নিয়মিত ডিউটি নিশ্চিত করা হয়েছে।
‘উলিপুর কবরস্থান’ শহীদদের সমাধির নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণআন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, তাদের অনেকের সমাধি এখানে অবস্থিত। এই স্থানের মর্যাদা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা নজরদারির আওতায় আনা হয়েছে কবরস্থানটি।
মতামত দিতে গিয়ে একজন স্থানীয় জুলাই আন্দোলন কারি বলেন, “শহীদদের জন্য এটা একটি সামান্য সম্মান। তাঁদের আত্মত্যাগের স্মৃতি রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক রফিক আহমেদ জানান, “বর্তমানে উপজেলা সহকারী আনসার কমান্ডার আহসানের নেতৃত্বে ১৪ জন আনসার সদস্য নিয়মিত ডিউটিতে রয়েছেন। ভবিষ্যতে প্রয়োজন অনুসারে সদস্য সংখ্যা বাড়ানো হতে পারে।”
স্থানীয় প্রশাসন ও কালেম ফাউন্ডেশনের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, শহীদদের স্মৃতিস্তম্ভ ও সমাধি সুরক্ষায় এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :