নিজ জমিতে খুঁটি বসানো নিয়ে লাইন কেটে দিলেন জমির মালিক, হাজারো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৫, ২:৩১ অপরাহ্ন /
নিজ জমিতে খুঁটি বসানো নিয়ে লাইন কেটে দিলেন জমির মালিক, হাজারো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সোহেল রানা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার পল্লী বিদ্যুতের ৬ নম্বর ফিডারের আওতাধীন ৪৩ নম্বর খুঁটির বিদ্যুৎ সংযোগ নিজ হাতে বিচ্ছিন্ন করে দেন মো. আক্তারুল ইসলাম নামের এক ব্যক্তি। এতে ওই এলাকায় হাজার হাজার গ্রাহক ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ভোগান্তিতে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্ল্যা এলাকার বাসিন্দা আক্তারুল ইসলাম তার নিজ মালিকানাধীন জমিতে বসানো বিদ্যুৎ খুঁটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে। একপর্যায়ে তিনি নিজ উদ্যোগে লাইনের সংযোগ কেটে ফেলেন বলে অভিযোগ ওঠে। এতে আশপাশের বিশাল এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

এ বিষয়ে চিলমারী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বলেন, “নিজ ইচ্ছায় বিদ্যুৎ লাইন কেটে ফেলা সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও দণ্ডনীয় অপরাধ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে অভিযুক্ত আক্তারুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো লাইন কাটি নাই। এটি হয়তো কোনোভাবে ছিঁড়ে গেছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ গ্রাহকরা চরম ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।