নিজস্ব প্রতিবেদক, উলিপুর (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারে ব্যাপক প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রথম পর্যায়ে টিআর কর্মসূচির আওতায় ৩০ লাখ টাকা, কাবিটা (কাবিখা নগদ অর্থ) কর্মসূচিতে ২৫ লাখ টাকা, কাবিখা কর্মসূচিতে ২০ মেট্রিক টন গম এবং ২০ মেট্রিক টন চাল বরাদ্দ অনুমোদন করা হয়েছে। এসব বরাদ্দের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক, গাইড ওয়াল, সীমানা প্রাচীর, মাঠ সংস্কার ও শৌচাগার নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
কাবিটা (নগদ অর্থ) কর্মসূচির প্রকল্পসমূহ
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ১২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সাহেবের আলগা ইউনিয়নের গেন্দার আলগা উচ্চ বিদ্যালয় ও কলেজে সীমানা প্রাচীর নির্মাণ ও মাঠ ভরাটে ২ লাখ ৮ হাজার টাকা, পাণ্ডুল ইউনিয়নের বড় মহিষমুড়ী দাখিল মাদ্রাসার উন্নয়নে ২ লাখ ৮ হাজার টাকা এবং হাতিয়া ইউনিয়নের কামারটারী নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

থেতরাই ইউনিয়নের থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ লাখ ২০ হাজার টাকা এবং সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসায় ২ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ধামশ্রেণী উচ্চ বিদ্যালয়ে গাইড ওয়াল নির্মাণ ও মাঠ ভরাটে ২ লাখ ৮ হাজার টাকা এবং বুড়িতিস্তার ওপর সংযোগ সাঁকো নির্মাণে আরও ২ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বেগমগঞ্জ, গুনাইগাছ, দুর্গাপুর, দলদলিয়া ও বজরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, মাঠ ভরাট ও গাইড ওয়াল নির্মাণের জন্যও ২ লাখ থেকে ২ লাখ ১২ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে।
টিআর (নগদ অর্থ) কর্মসূচির আওতায় ২৫ প্রকল্প
টিআর কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার, মাঠ ভরাট, আসবাবপত্র সরবরাহ, শৌচাগার নির্মাণ এবং গাইড ওয়াল নির্মাণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার দাখিল মাদ্রাসায় মাঠ ভরাটে ১ লাখ ২০ হাজার টাকা, খামার আদর্শ দাখিল মাদ্রাসায় ১ লাখ ১৭ হাজার টাকা, কিশোরপুর এন ইউ উচ্চ বিদ্যালয়ের আসবাবপত্র ক্রয়ে ১ লাখ ১৭ হাজার টাকা এবং থেতরাই দারুল উলুম দাখিল মাদ্রাসায় ১ লাখ ১৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তবকপুর, ধামশ্রেণী, ধরণীবাড়ী, গুনাইগাছ, বুড়াবুড়ি, দুর্গাপুর, দলদলিয়া, সাহেবের আলগা, বেগমগঞ্জ, বজরা, পাণ্ডুল ও হাতিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার কাজেও ১ লাখ ১৭ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে।
কাবিখা কর্মসূচিতে রাস্তা সংস্কার
কাবিখা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কারের জন্য খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে।

গম বরাদ্দের আওতায় ধামশ্রেণী, তবকপুর, পাণ্ডুল ও বুড়াবুড়ি ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কারে প্রতিটি প্রকল্পে ৫ মেট্রিক টন করে গম বরাদ্দ দেওয়া হয়েছে।
অন্যদিকে চাল বরাদ্দের আওতায় থেতরাই, গুনাইগাছ, দলদলিয়া, হাতিয়া ও ধরণীবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ রাস্তা সংস্কারে প্রতিটি প্রকল্পে ৪ মেট্রিক টন করে চাল বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর পক্ষ থেকে জানানো হয়, এটি উন্নয়ন কার্যক্রমের প্রথম পর্যায়। পর্যায়ক্রমে বরাদ্দ প্রাপ্তি ও স্থানীয় প্রয়োজনের ভিত্তিতে উপজেলার অন্যান্য এলাকাতেও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, এ বরাদ্দের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, মসজিদ-মাদ্রাসার সংস্কার, রাস্তা-ঘাট উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।






