সরকার নির্ধারিত হারের বেশি টোল আদায়: কুড়িগ্রামে পশুর হাট ইজারাদারকে জরিমানা


HK প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন /
সরকার নির্ধারিত হারের বেশি টোল আদায়: কুড়িগ্রামে পশুর হাট ইজারাদারকে জরিমানা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী নাজিমখাঁন পশুর হাটে সরকার নির্ধারিত হারের অতিরিক্ত খাজনা (টোল) আদায়ের অভিযোগে হাটের ইজারাদার পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) দুপুরে নাজিমখাঁন বাজারে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে নাজিমখাঁন পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটেছে। এ সুযোগে সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে ইজারাদার পক্ষের বিরুদ্ধে। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাপ্ত রসিদ যাচাইয়ের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ইজারাদার পক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত খাজনা আদায় না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো পশুর হাটে ক্রেতা বা বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করে হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, প্রশাসনের এ পদক্ষেপে পশুর হাটে শৃঙ্খলা বজায় থাকবে এবং ক্রেতা-বিক্রেতারা হয়রানিমুক্ত পরিবেশে বেচাকেনা করতে পারবেন।