রংপুরগামী বাসের চাকা খুলে ৩০০ মিটার গড়িয়ে গেলো, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা


HK প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন /
রংপুরগামী বাসের চাকা খুলে ৩০০ মিটার গড়িয়ে গেলো, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম থেকে রংপুরগামী এস.এম পরিবহনের একটি চলন্ত বাসের সামনের ডান পাশের চাকা খুলে প্রায় ৩০০ মিটার দূর পর্যন্ত গড়িয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১টার দিকে উলিপুর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা গেছে, ঢাকা মেট্রো-জ ১৪-০৩১৭ নম্বরের বাসটি ত্রিমোহনী বাজার অতিক্রম করার সময় হঠাৎ সামনের ডান পাশের চাকা খুলে রাস্তার একপাশে গড়িয়ে যায়। এ সময় সামনের দিক থেকে একাধিক যানবাহন আসছিল। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সৌভাগ্যক্রমে কোনো যাত্রী গুরুতর আহত হননি এবং বড় ক্ষয়ক্ষতিও হয়নি।

যাত্রী রাব্বি হোসাইন বলেন, “গাড়ি বের করার আগে সঠিকভাবে চেক না করায় এমন দুর্ঘটনা ঘটেছে।”

সামনের দিক থেকে অটোতে আসা যাত্রী জুবায়ের হাসান দুলাল বলেন, “আমরা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। আমাদের অটোর সামনে হঠাৎ বাসটি দুলতে দুলতে আসছিল। প্রথমে ভেবেছিলাম চালক ইচ্ছাকৃতভাবে গাড়ি চালাচ্ছেন। পরে দেখি চাকা খুলে গেছে। ভাগ্য ভালো আমরা দ্রুত অটো সাইডে নিতে পেরেছি, আর বাসের চালকও সময়মতো গাড়ি থামিয়েছেন।”

স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন ভাঙাচোরা ও ফিটনেসবিহীন বাস দেশের অন্য কোনো রুটে দেখা যায় না। প্রশাসনের নিষ্ক্রিয়তাই এর জন্য দায়ী।”

আরেকজন যাত্রী লিমন কবির বলেন, “এই রুটের অবস্থা ভয়াবহ। BRTC বাস চালাতেও বাধা দেয় মালিক সমিতি। সার্ভিস যেমন খারাপ, বাসগুলোর অবস্থাও তেমনি নাজুক।”

যাত্রীদের অভিযোগ, নিয়মিত রুট ফিটনেস পরীক্ষা ও যানবাহন পরিদর্শনের অভাবেই এমন দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে।