বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে রিসিভ ছাড়া সার পরিবহন, কৃষক-ক্ষুদ্র ব্যবসায়ীর ৭ বস্তা সার জব্দ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ক্রয় রসিদ (রিসিভ) ছাড়া সার পরিবহনের সময় এক কৃষক ও ক্ষুদ্র সার ব্যবসায়ীর কাছ থেকে ৭ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সারের মধ্যে ৫ বস্তা ইউরিয়া ও ২ বস্তা পটাশ রয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। শনিবার (২৯ আগস্ট) বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মাইদুল প্রায় ১৫ বিঘা জমিতে চাষাবাদ করেন। পাশাপাশি মইদাম বাজারে সার ও কীটনাশকের ছোট ব্যবসা করেন তিনি।

স্থানীয়দের দাবি, নিজের জমিতে সার প্রয়োগের প্রয়োজন হলেও এলাকায় প্রয়োজনীয় সার না পাওয়ায় পাশের উপজেলা নাগেশ্বরীর এক আত্মীয়ের সারের দোকান থেকে ৫ বস্তা ইউরিয়া ও ২ বস্তা পটাশ সংগ্রহ করেন মাইদুল। পরে ওই সার নিয়ে ভূরুঙ্গামারীর দিকে ফেরার পথে বাগভান্ডার বিজিবি ক্যাম্পের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সার কেনার রসিদ দেখাতে না পারায় ৭ বস্তা সার জব্দ করা হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার বিষয়ে মাইদুলের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভূরুঙ্গামারী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত। মাইদুল প্রায় ১৫ বিঘা জমি আবাদ করেছে। পাশাপাশি সে কীটনাশকের দোকান এবং ছোট পরিসরে সার বিক্রির ব্যবসাও করে। সার আটকের পর সে জমির কাগজপত্র নিয়ে এসেছিল। কিন্তু তাকে সার ফেরত দেওয়া হয়নি। যেখান থেকে সার নিয়ে এসেছে, তার সঙ্গেও কথা বলেছি। তিনি জানিয়েছেন, মাইদুল তার আত্মীয়। জমিতে সার প্রয়োজন হওয়ায় স্থানীয়ভাবে সার না পেয়ে তার কাছ থেকে সার নিয়ে গেছে।”

লালমনিরহাট ব্যাটালিয়ন-১৫ বিজিবির বাগভান্ডার ক্যাম্পের সুবেদার মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিয়মিত টহলরত অবস্থায় ক্যাম্পের সামনে সড়কে সার পরিবহনের সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ক্রয়ের রসিদ না থাকায় সারগুলো জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

সংশ্লিষ্টরা জানান, সার পরিবহনের ক্ষেত্রে বৈধ ক্রয় রসিদ ও প্রয়োজনীয় কাগজপত্র থাকা গুরুত্বপূর্ণ। রসিদ ছাড়া সার পরিবহনের ঘটনায় প্রচলিত আইন ও সরকারি নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]