ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক মুদি ব্যবসায়ীকে পথরোধ করে মারধর ও হত্যার হুমকি দিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (২ অক্টোবর) ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের ‘সরকার স্টোর’-এর ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে দোকানে যাওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে নলেয়া গ্রামের নেংলা মিয়ার দোকানসংলগ্ন ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করেন। পরে তাকে ধাক্কাধাক্কি ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, এ সময় কয়েকজন তাকে আটকে রেখে তার পকেট থেকে ব্যবসার ১ লাখ ৩০ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। অভিযুক্তরা ধারালো অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকি দিলে তিনি চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, টাকা নিয়ে গেলেও তার মোবাইল ফোনটি ঘটনাস্থলের পাশের এক ব্যক্তির কাছে রেখে যাওয়া হয়। পরে উপস্থিত লোকজনের সামনে সেটি তাকে ফেরত দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা পরবর্তীতে তাকে মারধর, খুন ও গুম করার হুমকিও দিয়েছেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ডিউটি অফিসার এসআই জাকির হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।






