নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ‘জুলাই স্মৃতিচারণ’ বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে জেলা সরকারি গণগ্রন্থাগার। আগামী ৫ আগস্ট দিবসটি উদযাপনকে কেন্দ্র করে এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১১ জুলাই জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান (সহকারী পরিচালক) রিমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ জুলাই সকাল ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় ‘আমার দেখা জুলাই’, ৯ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘জুলাই গণঅভ্যুত্থান: পটভূমি, তাৎপর্য ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ এবং স্নাতক, স্নাতকোত্তর ও সর্বসাধারণের জন্য ‘জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় ঐক্য’ নির্ধারণ করা হয়েছে।
একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে একই গ্রুপভিত্তিক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সব গ্রুপের জন্য আবৃত্তির বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কবিতা’।
এ ছাড়া আগামী ২১ জুলাই সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু থেকে ২য় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিষয় উন্মুক্ত রাখা হয়েছে। ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ‘আমার দেখা জুলাই’ বিষয় নিয়ে ছবি আঁকবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্যও বিষয় উন্মুক্ত থাকবে।
প্রতিযোগিতার পাশাপাশি আগামী ৪ আগস্ট সকাল ১০টায় জেলা সরকারি গণগ্রন্থাগারে ‘জুলাই স্মৃতিচারণ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণের শর্তাবলিতে বলা হয়েছে, রচনা প্রতিযোগিতার উত্তরপত্র হিসেবে গ্রন্থাগার কর্তৃপক্ষের সরবরাহকৃত A4 সাইজের সাদা কাগজ ব্যবহার করতে হবে। চিত্রাঙ্কনের জন্য আর্ট পেপার গ্রন্থাগার থেকে দেওয়া হলেও রং, পেন্সিল, তুলি ও অন্যান্য অঙ্কন সামগ্রী প্রতিযোগীদের নিজ দায়িত্বে আনতে হবে।
এছাড়া প্রতিযোগীদের নাম, পিতা-মাতার নাম এবং সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ড এবং অন্যান্য অংশগ্রহণকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)–এর ফটোকপি সঙ্গে আনতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি অ্যাসিসট্যান্ট মো. খালিদ হোসেন (মোবাইল: ০১৯৯৩-৫২১৭২৭)–এর সঙ্গে যোগাযোগ করতে অথবা জেলা সরকারি গণগ্রন্থাগারের ওয়েব পোর্টাল ও ফেসবুক পেজে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।






