
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ১৮ অক্টোবর ২০২৫
কুড়িগ্রাম সদরে চলন্ত অবস্থায় পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে এক যুবক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার যুবক পলাশ ইসলাম। তার সঙ্গে ছিলেন বড় ভাই মাহমুদুন্নবী মারুফ। জানা গেছে, তারা ব্যক্তিগত কাজে ভোগডাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে মাহমুদুন্নবীর পকেটে থাকা Tecno Spark 40 Pro মডেলের মোবাইল ফোনটি হঠাৎ অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। কিছুক্ষণ পরই হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়।
বিস্ফোরণের সময় পলাশ ইসলামের গায়ে আগুনের ছিটে লাগলে তার উরুতে আঘাত ও দগ্ধের সৃষ্টি হয়।
পলাশ জানান, “ফোনটা পকেটে রেখেছিলাম, হঠাৎ গরম হয়ে যায়। ভাবছিলাম স্বাভাবিক ব্যাপার, কিন্তু কিছুক্ষণ পরই জোরে বিস্ফোরণ হয়। আমার উরুতে আগুনের ছিটে লাগে — আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।”
বিস্ফোরণে মোবাইলটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। প্রযুক্তিবিদরা জানিয়েছেন, নকল চার্জার ব্যবহার, অতিরিক্ত চার্জ দেওয়া, বা ব্যাটারির ত্রুটির কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের মোবাইল ব্যবহারে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :