ইউটিউব দেখে এআই স্মার্ট কার তৈরি: চালক ছাড়াই চলবে রেজিমের উদ্ভাবন


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন /
ইউটিউব দেখে এআই স্মার্ট কার তৈরি: চালক ছাড়াই চলবে রেজিমের উদ্ভাবন

ডেস্ক নিউজ


ইউটিউব থেকে অনুপ্রাণিত হয়ে এআই প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট কার তৈরি করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের শিক্ষার্থী রোয়ানুর রহমান রেজিম। তার এই উদ্ভাবনটি উপজেলা পর্যায়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এ ব্যাপক সাড়া ফেলেছে।

রেজিমের তৈরি স্মার্ট কারটির বিশেষত্ব হলো—এটি চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। গাড়িটিতে সংযুক্ত সেন্সরের মাধ্যমে সামনে নির্দিষ্ট দূরত্বে কোনো বাধা শনাক্ত হলেই এটি নিজে থেকেই থেমে যায়। শুধু তাই নয়, এটি ট্রাফিক সিগন্যালও শনাক্ত করতে সক্ষম। লাল বাতি দেখলে থেমে যায় এবং সবুজ সংকেত পেলে আবার চলতে শুরু করে।

তরুণ উদ্ভাবক রেজিম জানান, ইউটিউবে চীনের আধুনিক প্রযুক্তি দেখে অনুপ্রাণিত হয়েই তিনি এই এআই স্মার্ট কার তৈরির উদ্যোগ নেন। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তার।

সংশ্লিষ্টদের মতে, বিজ্ঞান মেলায় প্রদর্শিত এই উদ্ভাবনী কারটি দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করেছে এবং অনেকেই রেজিমের উদ্ভাবনী দক্ষতায় মুগ্ধ হয়েছেন।

ফুলবাড়ী ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক আসাদুজ্জামান আজাদ বলেন, রেজিম তাদের কলেজের একজন মেধাবী শিক্ষার্থী। বিজ্ঞান মেলায় প্রদর্শনের জন্য সে নিজ উদ্যোগে এই প্রজেক্টটি তৈরি করেছে। বিষয়টি জানার পর তাকে উৎসাহ দেওয়া হয়। চালক ছাড়াই গাড়ি চলার বিষয়টি অনেকের কাছেই বিস্ময়কর।

তিনি আরও বলেন, এটি একটি ব্যয়বহুল প্রকল্প। সরকারি সহায়তা পেলে এ ধরনের উদ্ভাবন বাণিজ্যিকভাবে সফল হতে পারে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।