বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

৭৪ শিশুর মা বিলকিছ বানু, এতিমদের জন্য গড়েছেন আশ্রয় ও শিক্ষার ঠিকানা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক, কুড়িগ্রাম


কুড়িগ্রামের নাগেশ্বরীতে এতিম ও অসহায় শিশুদের জন্য আশ্রয়, শিক্ষা ও মাতৃস্নেহের ব্যবস্থা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিলকিছ বানু। ২০০৯ সালে মাত্র ১৩ শিশুকে নিয়ে শুরু করা তাঁর উদ্যোগে বর্তমানে ৭৪ শিশু বসবাস করছে। শিশুদের পড়াশোনার জন্য গড়ে তোলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও।

বিলকিছ বানুর এই মানবিক উদ্যোগে শুরু থেকেই পাশে রয়েছেন তাঁর স্বামী নাগেশ্বরী ডিগ্রি কলেজের শিক্ষক মো. রবিউল ইসলাম। শিশুদের কল্যাণে নিজের সম্পত্তিও ট্রাস্টের নামে লিখে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জানা যায়, ছোটবেলা থেকেই মানুষের সেবায় আগ্রহী ছিলেন বিলকিছ বানু। পারিবারিকভাবে সেবা ও অতিথিপরায়ণতার শিক্ষা পেয়েছিলেন তিনি। বিয়ের কয়েক বছর পর চারজন ছিন্নমূল শিশুকে নিজের বাড়িতে এনে তাদের লেখাপড়া ও লালন-পালনের দায়িত্ব নেন। পরে পিতৃ-মাতৃহীন ও অসহায় শিশুদের জন্য স্থায়ীভাবে কিছু করার উদ্যোগ নেন তিনি।

২০০৯ সালে ১৩ শিশুকে নিয়ে প্রতিষ্ঠা করা হয় গোলাপ খাঁ শিশু সদন। পরে ২০১২ সালে সেখানে প্রাথমিক বিদ্যালয় এবং ২০১৭ সালে মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।

বিলকিছ বানুর কাছে আসা শিশুদের মধ্যে রয়েছে নানা বয়সের এতিম ও অসহায় শিশু। তাঁদের একজন ‘প্রীতিলতা’ (ছদ্মনাম)। দেড় বছর বয়সে অসহায় অবস্থায় তাকে নিজের কাছে নিয়ে আসেন বিলকিছ। বর্তমানে সেই শিশু নাগেশ্বরী সরকারি কলেজে বাংলায় অনার্স পড়ছেন।

শিশু সদনে গিয়ে দেখা যায়, গাছপালা ও ফুলে ঘেরা পরিবেশে রয়েছে ছেলে ও মেয়েদের পৃথক আবাসন ব্যবস্থা। বর্তমানে সেখানে ৭৪ শিশু রয়েছে। তাদের দেখাশোনায় রয়েছেন ২০ জন শিক্ষক ও কর্মচারী। শিশুদের খাবার, শিক্ষকদের বেতন ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি মাসে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয় হয়।

এই ব্যয়ভার মূলত ট্রাস্টের সম্পদ থেকে পাওয়া আয় দিয়ে পরিচালনা করা হয়। এর মধ্যে রয়েছে একটি সুপার মার্কেটের প্রায় ৮০টি দোকানের ভাড়া, কলেজছাত্রীদের জন্য নির্মিত একটি হোস্টেলের আয় এবং কৃষিজমি থেকে পাওয়া অর্থ।

শিশুদের শুধু থাকা-খাওয়ার ব্যবস্থা নয়, অসুস্থ হলে চিকিৎসার দায়িত্বও নেন বিলকিছ বানু। চলতি বছরের জুনে প্রথম শ্রেণির শিক্ষার্থী তুষার গিলিয়ান-বারে সিনড্রোমে আক্রান্ত হলে তার চিকিৎসায় প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। অনুদান থেকে পাওয়া অর্থের পাশাপাশি শিশু সদনের তহবিল থেকেও চিকিৎসার খরচ বহন করা হয়েছে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত আরেক শিশু ফাতেমার চিকিৎসাও চলছে।

বিলকিছ বানু বলেন, ‘চিকিৎসার ব্যয় মেটাতে তহবিল শূন্য হয়ে যাচ্ছে। এই শিশুদের কোথায় ফেলে দেব? ওরা তো আমারই সন্তান।’

শিশু সদনের কো-অর্ডিনেটর সব্যসাচী সাহা জানান, এখানকার শিশুরা বিলকিছ বানুকে ‘মা’ এবং রবিউল ইসলামকে ‘বাবা’ বলে ডাকে। তাঁদের স্নেহ ও যত্নেই শিশুরা বেড়ে উঠছে।

শিশু সদনের শিক্ষার্থীরাও বিলকিছ বানুর প্রতি ভালোবাসার কথা জানিয়েছে। দশম শ্রেণির শিক্ষার্থী আলিফ হামজা জানায়, পড়াশোনার সময় পড়তে এবং খেলার সময় খেলতে উৎসাহ দেন ‘মা’। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ইব্রাহীমও জানায়, এখানে থাকা, খাওয়া ও পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগও রয়েছে।

তবে পথচলায় নানা বাধার মুখোমুখি হতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। করোনাকালে আর্থিক সংকটে মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম চালু রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আবাসন ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে শিশু সদন থেকে।

এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে অনেকেই বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

বিলকিছ বানু জানান, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সহায়তা পাওয়া গেছে। তবে প্রতিষ্ঠানটি আরও বড় করার স্বপ্ন রয়েছে তাঁদের। শহরের বাইরে ট্রাস্টের নামে থাকা প্রায় সাড়ে সাত বিঘা জমি নিয়েও বিরোধের কথা জানান তিনি।

স্বামী রবিউল ইসলাম বলেন, ‘যত দিন বেঁচে আছি, আমাদের সবকিছু দিয়ে এই শিশুদের পাশে থাকব।’

আর বিলকিছ বানুর স্বপ্ন আরও বড়। তাঁর ভাষায়, ‘পেটে ধরা যায় দুই-একজনকে, বুকে ধরা যায় কোটি সন্তানকে। আমি সেই কোটি সন্তানের মা হতে চাই।’

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 7

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]