সড়কে ফসল শুকানোয় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, উদ্বেগে নাগেশ্বরীবাসী


Hamar Kurigram প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ১:৪১ অপরাহ্ন /
সড়কে ফসল শুকানোয় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, উদ্বেগে নাগেশ্বরীবাসী

মোঃআবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা উপজেলার বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়কে ধান কাটার মৌসুমে ধান, খড়, ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য শুকানোর জন্য রাস্তার ওপর বিছিয়ে রাখার প্রবণতা বেড়েছে। এতে প্রতিদিনই বাড়ছে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও বাইসাইকেল চালকদের চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতের বেলাতেও অনেক সড়কে কৃষিপণ্য ছড়িয়ে রাখা হয়। ফলে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।

এদিকে এলাকাবাসী বলছেন, ঝুঁকিপূর্ণভাবে সড়কে ফসল শুকানো হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না। একই সঙ্গে কিছু মাইক চালক ও অসচেতন যানবাহন চালকের বেপরোয়া চলাচল পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। উচ্চ শব্দে মাইক বাজিয়ে দ্রুতগতিতে যান চালানোর কারণে সাধারণ মানুষ ও পথচারীরা আতঙ্কের মধ্যে চলাচল করছেন।

সচেতন মহলের মতে, এখনই প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধি। সড়কে ফসল শুকানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি যানবাহন চালকদেরও সতর্কভাবে চলাচলের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কৃষকদের রাস্তার পরিবর্তে নিরাপদ স্থানে ধান ও অন্যান্য ফসল শুকানোর পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।