ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৩৭ বোতল ইস্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, পূর্ব ফুলমতি এলাকার তুহিন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তুহিন মিয়া (২১) ও নাওডাঙ্গা এলাকার শাকিল মিয়া (২২)কে ৩৭ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ীতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।






