
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মোঃ আসিফ আব্দুল্লাহ’র নিজ উপজেলা ভূরুঙ্গামারীতে আগমনকে কেন্দ্র করে নেমে আসে উৎসবের আমেজ। শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর অংশগ্রহণে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি।
ব্যানার, ফেস্টুন ও মোটর শোভাযাত্রায় সাজানো র্যালিটি উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এলাকাবাসীর পক্ষ থেকে আসিফ আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়।
ভূরুঙ্গামারীর কৃতি সন্তান আসিফ আব্দুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের একমাত্র পুত্র। তাঁর ডাকসু নির্বাচনে বিজয় ও নেতৃত্বে আসন গ্রহণে পুরো উপজেলায় আনন্দের বন্যা বইছে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আসিফ আব্দুল্লাহ বলেন, “আমি মাত্র এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা করার সুযোগ পেয়েছি। এই সময়ের মধ্যে এমন কিছু করতে চাই, যা আজীবন শিক্ষার্থীদের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বাস কোথায় অবস্থান করছে তার একটি অ্যাপস লঞ্চ করবে। কুড়িগ্রামের মেধাবী ও প্রান্তিক শিক্ষার্থীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের পরিকল্পনাও রয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোশাররফ হোসেন, ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের প্রতিনিধি ঈমান আলী, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, “মেধা, আদর্শ ও নেতৃত্বগুণের সমন্বয়ে গঠিত তরুণ প্রজন্মই জাতির ভবিষ্যৎ। আসিফ আব্দুল্লাহ তাঁর যোগ্যতা ও সততার মাধ্যমে ভূরুঙ্গামারীর নাম উজ্জ্বল করেছেন।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন ছাত্রনেতা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :