বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলার বিজি মোড়ে, রেলওয়ে স্টেশনে, কুড়িগ্রাম জেলা কারাগারসহ বিভিন্ন জায়গায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার ৫ই জানুয়ারি রাত আনুমানিক ১১টায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কঠোর শীত ও কনকনে বাতাসের মধ্যে পথচারী ও আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটির নেতাকর্মীরা শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব খন্দকার আল ইমরান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, মুখ্য সংগঠক মোঃ সাকিব মিয়া এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
কম্বল বিতরণকালে সংগঠনের আহ্বায়ক লোকমান হোসেন লিমন বলেন,
“কুড়িগ্রামে কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। রাতের বেলায় সবচেয়ে বেশি কষ্টে থাকে পথচারী ও আশ্রয়হীন মানুষগুলো। তাদের এই কষ্ট আমরা দূর করতে না পারলেও, সামান্য উষ্ণতা দেওয়ার দায়বদ্ধতা আমাদের রয়েছে। সেই মানবিক দায় থেকেই আমরা আজ এখানে এসেছি।”
তিনি আরও বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের প্রতি আমাদের দায়বদ্ধতা যেমন রয়েছে, তেমনি সমাজের অবহেলিত ও বিপন্ন মানুষের পাশেও আমাদের দাঁড়াতে হবে। মানবিক কাজ কোনো মৌসুমি উদ্যোগ নয়—এটি আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা চেষ্টা করছি, ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
এ ধরনের উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। অনেকেই সংগঠনের এই মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা জানায়, আগামী দিনগুলোতেও জেলার বিভিন্ন এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের জন্য এ ধরনের মানবিক কর্মসূচি চালু রাখার পরিকল্পনা রয়েছে।
আপনার মতামত লিখুন :