কুড়িগ্রাম প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশ ও ব্যবসায়ীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে মোঃ শাহিন শেখ রঞ্জু এবং সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোঃ শাহ্আলম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন। প্রার্থীরাও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত এবং বাজারের সার্বিক উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যান।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মোঃ শাহিন শেখ রঞ্জু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ্আলমকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ীরা। এ সময় সমর্থকদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস।
নতুন নেতৃত্বকে ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশাও বেড়েছে। তারা বলছেন, দীর্ঘদিনের নানা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি বাজারের নিরাপত্তা জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত, যানজট নিরসন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ক্রেতা-বিক্রেতাবান্ধব পরিবেশ তৈরিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্যবসায়ীরা তাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
ব্যবসায়ীদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজারে শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবসার পরিবেশ আরও উন্নত হবে এবং ব্যবসায়ী সমাজের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।






