কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ জুলাই পর্যন্ত


HK প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন /
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২১ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি) অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষক ও কর্মচারী নিয়োগে বড় পরিসরের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগে অধ্যাপক, প্রভাষক, নিরাপত্তা প্রহরী, মালি এবং পরিচ্ছন্নতা কর্মীসহ একাধিক পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আগামী ২১ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক ক্যাটাগরিতে অধ্যাপক (গ্রেড-৩) পদে কৃষি অনুষদের হর্টিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচার ও ন্যানোটেকনোলজি ইন এগ্রিকালচার, মৎস্য অনুষদের অ্যাকুয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট ও ফিশারিজ বায়োটেকনোলজি অ্যান্ড ন্যানোটেকনোলজি এবং সাধারণ বিভাগের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্টাডিজ (ইংরেজি) বিষয়ে মোট পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া কৃষি, মৎস্য ও সাধারণ বিভাগের বিভিন্ন বিষয়ে মোট ২৩টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।

কর্মচারী ক্যাটাগরিতে গ্রেড-২০-এর আওতায় ১২ জন নিরাপত্তা প্রহরী, ১ জন মালি এবং ৫ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে।

প্রভাষক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৩.৬০ থাকতে হবে। ইংরেজি বিষয়ের ক্ষেত্রে সিজিপিএ ৩.৫০ গ্রহণযোগ্য। এ পদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

অধ্যাপক পদে আবেদনকারীদের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারীদের জন্য সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে পাঁচ বছরসহ মোট ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং পিয়ার-রিভিউড জার্নালে ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে পৃথক শর্ত উল্লেখ রয়েছে। এ পদের বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর।

নিরাপত্তা প্রহরী ও মালি পদের জন্য এসএসসি পাস অথবা অষ্টম শ্রেণি পাসের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং হরিজন সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। কর্মচারী পদগুলোর জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.kuriau.edu.bd) থেকে নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। শিক্ষক পদের জন্য ‘ক’ ফরম এবং কর্মচারী পদের জন্য ‘গ’ ফরম ব্যবহার করতে হবে।

প্রভাষক ও অধ্যাপক পদের আবেদনকারীদের মূল আবেদনপত্রসহ মোট ৮ সেট এবং কর্মচারী পদের আবেদনকারীদের মূল আবেদনপত্রসহ মোট ৬ সেট জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ‘রেজিস্ট্রার, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’-এর অনুকূলে যমুনা ব্যাংক পিএলসি, কুড়িগ্রাম শাখা থেকে উত্তোলনযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। শিক্ষক পদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং কর্মচারী পদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২১ জুলাই ২০২৬-এর মধ্যে ডাকযোগে অথবা সরাসরি ডেপুটি রেজিস্ট্রার, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (অস্থায়ী ক্যাম্পাস), ভোকেশনাল মোড়, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম-৫৬০০ ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক বাছাই শেষে যোগ্য প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য নির্দেশনা ই-মেইল অথবা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।