হামার কুড়িগ্রাম

উলিপুরে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ, দুইজনের বিরুদ্ধে মামলা

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়ি থেকে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে উলিপুর থানায় মামলাটি করেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন তরুণী বাড়ির পাশের উঠানে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী নতিজার ফারাজির ছেলে নয়ন ফারাজি (২২) তাকে নিজের বাড়ি থেকে একটি গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। সরল বিশ্বাসে সেখানে গেলে আগে থেকে বাড়িতে অবস্থান করা বাইজিদ সরদার (২০) তাকে জাপটে ধরেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তরুণী চিৎকার করলে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন বাইজিদ। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে তরুণী পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানান। পরিবারের সঙ্গে আলোচনার পর তার মা থানায় মামলা করেন। মামলায় বাইজিদ সরদার ও নয়ন ফারাজিকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মামলার পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে।

Exit mobile version