শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

চাকরির পেছনে না ছুটে কৃষিতে সফল রাজারহাটের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শরিফুল

· প্রকাশ: · আপডেট:
চাকরির পেছনে না ছুটে কৃষিতে সফল রাজারহাটের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শরিফুল
ফেসবুকে শেয়ার করুন

রাজারহাট প্রতিনিধি

তিন ভাইয়ের সবাই ব্যাংকার। পরিবারের অন্য সদস্যদের মতো চাকরির নিরাপদ পথ বেছে নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শরিফুল ইসলাম। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে চাকরির পেছনে না ছুটে কৃষিকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। মাত্র ৬০ হাজার টাকায় একটি গরু কিনে শুরু করা তাঁর উদ্যোগ সাত বছরের ব্যবধানে পরিণত হয়েছে সমন্বিত কৃষি খামারে। এখন গরু পালন, মাছ চাষ, সবজি ও ধান উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন আটজনের। কৃষিতে সাফল্যের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা।

৩২ বছর বয়সী শরিফুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি নলকাটা গ্রামে। তাঁর বাবা দেলওয়ার হোসেন ও মা সাজেদা বেগম। ছয় ভাইবোনের মধ্যে চার ভাইয়ের সবার ছোট শরিফুল। তাঁর বড় তিন ভাই শেখ সাদী আহমেদ, শহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম। তাঁদের মধ্যে দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকে কর্মরত।

বিজ্ঞাপন

শরিফুল ২০১৭ সালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পড়াশোনা শেষে চাকরির চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে পথে এগোননি। চাকরির অনিশ্চয়তা, অসুস্থ মায়ের পাশে থাকা এবং বাবার কৃষিকাজে সহযোগিতার কথা বিবেচনা করে এলাকায় থেকে কৃষি উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন।

শরিফুল বলেন, ‘একটি প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষায় প্রথম হয়েছিলাম। কিন্তু ভাইভায় বাদ পড়ে যাই। তখন আক্ষেপ থেকে ভাবলাম, চাকরির পেছনে না ছুটে কৃষিকাজ করব। বাবা শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করতেন। তিনি বলতেন, সবাই যদি চাকরি করে, কৃষিকাজ করবে কে? পরিবারের সবাই বাইরে থাকত, মা অসুস্থ ছিলেন। তাই বাবা আমাকে বাড়িতে থাকতে বলতেন।’

২০১৯ সালে বাবার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে একটি গরু কেনার মধ্য দিয়ে শুরু হয় তাঁর কৃষি উদ্যোগ। পরের বছর সবজি ও মাছ চাষ শুরু করেন। ধীরে ধীরে বাড়তে থাকে খামারের পরিধি। বর্তমানে প্রায় পাঁচ লাখ টাকা বিনিয়োগে পরিচালিত হচ্ছে তাঁর সমন্বিত কৃষি খামার।

প্রায় দুই একর জমিতে শসা, টমেটো, লাউ, করলা ও বরবটিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন তিনি। দেড় একর জমিতে করছেন ধান আবাদ। এ ছাড়া ৫১ শতকের একটি পুকুরে চাষ করছেন বিভিন্ন প্রজাতির মাছ। খামারে রয়েছে আনুমানিক এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের তিনটি গরু। পাশাপাশি পরীক্ষামূলকভাবে পালন করছেন বিভিন্ন প্রজাতির হাঁস।

শরিফুলের দেওয়া হিসাব অনুযায়ী, তাঁর খামার থেকে প্রতি মাসে আয় হচ্ছে প্রায় ৭০ হাজার টাকা। খামারে স্থায়ীভাবে কাজ করছেন দুই যুবক। পাশাপাশি অস্থায়ীভাবে কাজের সুযোগ পাচ্ছেন আরও ছয়জন।

তবে এই সাফল্যের পথ সব সময় মসৃণ ছিল না। ২০২৪ সালে অসুস্থ হয়ে একটি গরু মারা যাওয়ায় প্রায় এক লাখ টাকার ক্ষতির মুখে পড়েন তিনি। সেই ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন। এখন খামার সম্প্রসারণের পাশাপাশি আরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শরিফুল বলেন, গরুর খামার আরও বড় করতে চান তিনি। পাশাপাশি অন্তত ৫০ জন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন দেখেন।

কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ বলেন, ‘শরিফুল প্রমাণ করেছেন, শিক্ষিত যুবকরাও কৃষিকে লাভজনক পেশা হিসেবে নিতে পারেন। তিনি অন্য বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা।’

জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শরিফুল ইসলামের হাতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

চাকরির প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে কৃষিকে সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন শরিফুল। তাঁর উদ্যোগ স্থানীয় বেকার ও শিক্ষিত তরুণদের জন্য নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · ·

আরও সংবাদ

উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি

নভেম্বর ১৩, ২০২৬

মাইনুল ইসলাম, উলিপুর কুড়িগ্রামের উলিপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয় […]

বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের তিন মাদরাসাশিক্ষার্থী

বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রতিযোগিতায় কুড়িগ্রামের তিন মাদরাসাশিক্ষার্থী

নভেম্বর ১৩, ২০২৬

রাজারহাট প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদরাসার তিন শিক্ষার্থী। এ সাফল্যের মাধ্যমে তাঁরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা—এই তিন বিভাগে প্রথম হয়েছেন মাদরাসাটির শিক্ষার্থীরা। তাঁরা হলেন কামিল প্রথম বর্ষের […]

সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে সাভারে কফি বিক্রি করছেন কুড়িগ্রামের ফেরদৌসী

সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে সাভারে কফি বিক্রি করছেন কুড়িগ্রামের ফেরদৌসী

নভেম্বর ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram মায়ের মৃত্যু, অসুস্থ সন্তানের চিকিৎসা আর সংসারের দায়িত্ব—সব মিলিয়ে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছেন কুড়িগ্রামের উলিপুরের ফেরদৌসী। জীবিকার তাগিদে সাভারের সিআরপি হাসপাতালের সামনে কফি বিক্রি করছেন তিনি। নিজের উপার্জনে সংসার চালানোর পাশাপাশি অসুস্থ ছেলে ফারদিনের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই নারী। ফেরদৌসীর বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে। তাঁর […]