হামার কুড়িগ্রাম

চাকরির পেছনে না ছুটে কৃষিতে সফল রাজারহাটের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শরিফুল

চাকরির পেছনে না ছুটে কৃষিতে সফল রাজারহাটের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শরিফুল

চাকরির পেছনে না ছুটে কৃষিতে ভাগ্য বদল শরিফুলের

রাজারহাট প্রতিনিধি

তিন ভাইয়ের সবাই ব্যাংকার। পরিবারের অন্য সদস্যদের মতো চাকরির নিরাপদ পথ বেছে নেওয়ার সুযোগ থাকলেও সেই পথে হাঁটেননি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শরিফুল ইসলাম। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে চাকরির পেছনে না ছুটে কৃষিকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। মাত্র ৬০ হাজার টাকায় একটি গরু কিনে শুরু করা তাঁর উদ্যোগ সাত বছরের ব্যবধানে পরিণত হয়েছে সমন্বিত কৃষি খামারে। এখন গরু পালন, মাছ চাষ, সবজি ও ধান উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছেন আটজনের। কৃষিতে সাফল্যের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা।

৩২ বছর বয়সী শরিফুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি নলকাটা গ্রামে। তাঁর বাবা দেলওয়ার হোসেন ও মা সাজেদা বেগম। ছয় ভাইবোনের মধ্যে চার ভাইয়ের সবার ছোট শরিফুল। তাঁর বড় তিন ভাই শেখ সাদী আহমেদ, শহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম। তাঁদের মধ্যে দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকে কর্মরত।

শরিফুল ২০১৭ সালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পড়াশোনা শেষে চাকরির চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে পথে এগোননি। চাকরির অনিশ্চয়তা, অসুস্থ মায়ের পাশে থাকা এবং বাবার কৃষিকাজে সহযোগিতার কথা বিবেচনা করে এলাকায় থেকে কৃষি উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন।

শরিফুল বলেন, ‘একটি প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষায় প্রথম হয়েছিলাম। কিন্তু ভাইভায় বাদ পড়ে যাই। তখন আক্ষেপ থেকে ভাবলাম, চাকরির পেছনে না ছুটে কৃষিকাজ করব। বাবা শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করতেন। তিনি বলতেন, সবাই যদি চাকরি করে, কৃষিকাজ করবে কে? পরিবারের সবাই বাইরে থাকত, মা অসুস্থ ছিলেন। তাই বাবা আমাকে বাড়িতে থাকতে বলতেন।’

২০১৯ সালে বাবার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে একটি গরু কেনার মধ্য দিয়ে শুরু হয় তাঁর কৃষি উদ্যোগ। পরের বছর সবজি ও মাছ চাষ শুরু করেন। ধীরে ধীরে বাড়তে থাকে খামারের পরিধি। বর্তমানে প্রায় পাঁচ লাখ টাকা বিনিয়োগে পরিচালিত হচ্ছে তাঁর সমন্বিত কৃষি খামার।

প্রায় দুই একর জমিতে শসা, টমেটো, লাউ, করলা ও বরবটিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন তিনি। দেড় একর জমিতে করছেন ধান আবাদ। এ ছাড়া ৫১ শতকের একটি পুকুরে চাষ করছেন বিভিন্ন প্রজাতির মাছ। খামারে রয়েছে আনুমানিক এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের তিনটি গরু। পাশাপাশি পরীক্ষামূলকভাবে পালন করছেন বিভিন্ন প্রজাতির হাঁস।

শরিফুলের দেওয়া হিসাব অনুযায়ী, তাঁর খামার থেকে প্রতি মাসে আয় হচ্ছে প্রায় ৭০ হাজার টাকা। খামারে স্থায়ীভাবে কাজ করছেন দুই যুবক। পাশাপাশি অস্থায়ীভাবে কাজের সুযোগ পাচ্ছেন আরও ছয়জন।

তবে এই সাফল্যের পথ সব সময় মসৃণ ছিল না। ২০২৪ সালে অসুস্থ হয়ে একটি গরু মারা যাওয়ায় প্রায় এক লাখ টাকার ক্ষতির মুখে পড়েন তিনি। সেই ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন। এখন খামার সম্প্রসারণের পাশাপাশি আরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শরিফুল বলেন, গরুর খামার আরও বড় করতে চান তিনি। পাশাপাশি অন্তত ৫০ জন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন দেখেন।

কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ বলেন, ‘শরিফুল প্রমাণ করেছেন, শিক্ষিত যুবকরাও কৃষিকে লাভজনক পেশা হিসেবে নিতে পারেন। তিনি অন্য বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা।’

জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শরিফুল ইসলামের হাতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

চাকরির প্রচলিত প্রতিযোগিতার বাইরে গিয়ে কৃষিকে সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন শরিফুল। তাঁর উদ্যোগ স্থানীয় বেকার ও শিক্ষিত তরুণদের জন্য নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।

Exit mobile version