রাজারহাট প্রতিনিধি
চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই কর্মসংস্থানের পথ তৈরি করেছেন কুড়িগ্রামের রাজারহাটের পাঁচ বন্ধু। মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেছেন চুইঝালের মুড়িমাখার ব্যবসা। ব্যতিক্রমী স্বাদের এ খাবার অল্প সময়েই ক্রেতাদের আকৃষ্ট করেছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার মুড়িমাখা বিক্রি করছেন তাঁরা।
উদ্যোক্তা পাঁচ বন্ধু হলেন নুর আলম, নাহিদ হাসান, আলামিন, মনির হোসেন ও ফেরদৌস আহমেদ। তাঁদের সবাই উচ্চশিক্ষিত। নুর আলম ও নাহিদ হাসান কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। অন্য তিনজন রাজারহাটের মীর ইসমাইল হোসেন কলেজ থেকে স্নাতক (সম্মান) শেষ করেছেন। তাঁদের সবার বাড়ি রাজারহাট ও আশপাশের এলাকায়।
গত অক্টোবরের শুরুতে নিজেদের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে তাঁরা এ উদ্যোগ শুরু করেন। প্রত্যেকে চার হাজার টাকা করে দিয়ে মোট ২০ হাজার টাকা পুঁজি সংগ্রহ করেন। প্রতিদিন সকালে বাড়িতে নিজেরাই মুড়ির মসলা তৈরি করেন। উপকরণ সংগ্রহ থেকে শুরু করে মসলা প্রস্তুত—সব কাজেই যুক্ত থাকেন পাঁচ বন্ধু। বিকেল চারটার দিকে রাজারহাট বাজারের রেলগেট এলাকায় দোকান নিয়ে বসেন। রাত ১০টা পর্যন্ত চলে তাঁদের বিক্রি।
উদ্যোক্তা নুর আলম বলেন, “আমরা সবাই শিক্ষিত। আমাদের একটি কোম্পানি চালু করার পরিকল্পনা আছে। কিন্তু আমাদের কাছে সেই পরিমাণ টাকা নেই। তাই নিজেদের দৈনন্দিন আয়ের ব্যবস্থা করা ও পরস্পরকে ব্যবসায়ী সহযোগী হিসেবে বোঝার জন্য আপাতত এই উদ্যোগ নিয়েছি।”
মনির হোসেন জানান, প্রত্যেকে চার হাজার টাকা করে দিয়ে মোট ২০ হাজার টাকায় তাঁরা ব্যবসা শুরু করেন। প্রতিদিন প্রায় ১০ হাজার টাকার মুড়িমাখা বিক্রি হয়। তাঁদের হিসাবে, এতে দৈনিক সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাভ থাকে।
তিনি বলেন, “এই আয় দিয়ে নিজেদের দৈনন্দিন খরচ শেষে পরিবারকেও সহযোগিতা করতে পারছি। আগামী দিনে পাঁচ বন্ধু মিলে একটি কোম্পানি দেওয়ার পরিকল্পনা আছে।”
চুইঝালের স্বাদেই বাড়ছে ক্রেতা
সাধারণ মুড়িমাখায় ভিন্ন স্বাদ আনতে স্থানীয় চুইঝাল, রসুন ও নিজেদের তৈরি বিশেষ মসলা ব্যবহার করছেন পাঁচ বন্ধু। চুইয়ের ঝাঁজ আর রসুনের স্বতন্ত্র ঘ্রাণ মুড়িমাখায় যোগ করেছে নতুন মাত্রা। পরিচিত এই খাবারেই তাঁরা এনেছেন ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। এতে অল্প সময়েই আকৃষ্ট হয়েছেন রাজারহাটের ভোজনরসিকেরা।
শুধু স্বাদ নয়, খাবার পরিবেশনের পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্ব দিচ্ছেন তাঁরা। এ জন্য মুড়ি পরিবেশনে ব্যবহার করছেন খাদ্যোপযোগী কাগজ। আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ তাঁদের দোকানে আসছেন। কেউ দোকানে বসে খাচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্য বা প্রিয়জনের জন্য নিয়ে যাচ্ছেন।
নাহিদ হাসান বলেন, “আমাদের এলাকায় চুইয়ের চাষ হয়। কিন্তু এখানকার মানুষ সেভাবে চুই খায় না। এসব চুই দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়। আমরা চুইঝাল দিয়ে মুড়ি মেখে একটু স্বাদের ভিন্নতা দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, মানুষ আমাদের এই উদ্যোগ সাদরে গ্রহণ করেছে। প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন।”
প্রতিদিন বিক্রি প্রায় ১০ হাজার টাকা
উদ্যোক্তারা জানান, প্রতিদিন তাঁদের ২৩ থেকে ২৫ কেজি মুড়ির প্রয়োজন হয়। মুড়ি তৈরির অন্যতম উপকরণ চুই সংগ্রহ করেন স্থানীয়ভাবে। এ ছাড়া রসুন, বিভিন্ন ধরনের মসলা ও পরিবেশনের উপকরণ কিনতে হয়। পাঁচ বন্ধুর দেওয়া তথ্য অনুযায়ী, দৈনিক গড়ে প্রায় ৫০০ জন ক্রেতা তাঁদের মুড়িমাখা কেনেন।
উদ্যোক্তা ফেরদৌস আহমেদ বলেন, “আমাদের এই উদ্যোগ শুধু মুড়ি বিক্রির ব্যবসা নয়, বরং নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা।”
এ বিষয়ে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রশিদ বলেন, “পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করার এই উদ্যোগ প্রশংসনীয়। এই যুবকেরা আমাদের দপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের জন্য কোনো প্রতিষ্ঠান করতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তর সেই সুযোগ তৈরি করে দেবে।”
মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু হওয়া পাঁচ বন্ধুর এ উদ্যোগ এখন তাঁদের স্বাবলম্বী হওয়ার স্বপ্নকে এগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে নিজেদের কোম্পানি গড়ে তোলার প্রত্যাশা করছেন তাঁরা।







