হামার কুড়িগ্রাম

রাজারহাটে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের ১১৯তম জন্মজয়ন্তী উদযাপন

এনামুল হক সরকার, রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাটে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমেদের ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে স্মরণসভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিংগারডাবড়ীহাট-সংলগ্ন রাজারহাট লোকসংগীত একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মঈনুল হাসান, বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী পঞ্চানন রায়, উলিপুর ভাওয়াইয়া পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং সংস্কৃতি কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শিল্পী ও সংগঠক ভূপতি ভূষণ বর্মা, শিক্ষক, শিশুসাহিত্যিক, গীতিকার ও সাংস্কৃতিক সংগঠক তৌহিদ-উল ইসলাম এবং এস এম মজিবর রহমানসহ অন্যান্য অতিথি।

স্মরণসভায় বক্তারা ভাওয়াইয়া গানের ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে এ লোকসংগীতের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

স্মরণসভা শেষে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ভাওয়াইয়া সংগীতের ঐতিহ্য ও সাংস্কৃতিক আবহে মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ

Exit mobile version