আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম
প্রায় ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে কুড়িগ্রামে প্রস্তাবিত ‘বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র’ স্থাপন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খনিজসম্পদ আহরণ, শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে মন্ত্রণালয়ের সভার কার্যবিবরণীতে জেলা প্রশাসনের নেতিবাচক মতামতের উল্লেখ এবং জেলা প্রশাসকের সেই দাবি অস্বীকার—এ দুই অবস্থানের কারণে প্রকল্পটির অগ্রগতি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
প্রকল্পসংশ্লিষ্টদের দাবি, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বালুতে থাকা মূল্যবান খনিজ সম্পদ কাজে লাগানো গেলে দেশে নতুন শিল্পের বিকাশ ঘটবে। পাশাপাশি কুড়িগ্রামের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। প্রকল্পের সম্ভাব্য কর্মসংস্থান ও রাজস্ব আয়ের যে বড় অঙ্কের হিসাব তুলে ধরা হচ্ছে, সেগুলো অবশ্য এখনো প্রত্যাশিত সম্ভাবনা; বাস্তব অর্জন নয়।
মন্ত্রণালয়ের নথি নিয়ে প্রশ্ন
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, গত ১৯ জুলাই জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীর ১০ নম্বর আলোচ্যসূচিতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসনের প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য ব্যয়ের তুলনায় সরকারের প্রাপ্তি উল্লেখযোগ্য হবে না বলে অভিমত দেওয়া হয়েছে।
তবে কুড়িগ্রাম জেলা প্রশাসনের দাবি, এ ধরনের কোনো নেতিবাচক প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ মার্চ কুড়িগ্রাম সদর, চিলমারী ও রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তারা জমি অধিগ্রহণের সম্ভাব্যতা-সংক্রান্ত ইতিবাচক তথ্য-উপাত্ত ও নকশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন।
ফলে মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে জেলা প্রশাসনের নামে এমন বক্তব্য কীভাবে যুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট নথি ও প্রতিবেদন যাচাই করে অসংগতির কারণ স্পষ্ট করা প্রয়োজন।
ব্রহ্মপুত্র-যমুনার বালুতে মূল্যবান খনিজ
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) গবেষণায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বালুতে বিভিন্ন মূল্যবান খনিজের উপস্থিতির তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গবেষণাসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, হিমালয় অববাহিকা থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বালু এই নদীপথে আসে।
এসব বালুতে গারনেট, কোয়ার্টজ, ম্যাগনেটাইট, জিরকন, ইলমেনাইট ও রুটাইলের মতো খনিজ রয়েছে। শিল্পকারখানায় এসব খনিজের ব্যবহার রয়েছে। বিশেষ করে টাইটানিয়াম ও জিরকোনিয়ামভিত্তিক শিল্প, সিরামিক, রং, প্লাস্টিকসহ বিভিন্ন প্রযুক্তি ও উৎপাদন খাতে এগুলোর চাহিদা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, দেশে এসব খনিজ পৃথকীকরণ ও প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা তৈরি করা গেলে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি নতুন শিল্পের সুযোগ সৃষ্টি হতে পারে।
৫০ বছরের মহাপরিকল্পনার প্রস্তাব
জানা গেছে, গত ১১ জুন জিএসবিতে প্রকল্পটি নিয়ে একটি নীতিনির্ধারণী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ২০২৬ থেকে ২০৭৫ সাল পর্যন্ত ৫০ বছরের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা উপস্থাপন করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, চিলমারী উপজেলায় ১৫ একর জমিতে একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট এবং রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় ১০ একর জমিতে মূল গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনায় বিরল মৃত্তিকা উপাদান (রেয়ার আর্থ এলিমেন্টস) নিয়ে গবেষণার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, স্কাডা, স্মার্ট মাইনিং ও জিওলজিক্যাল বিগ ডাটা সেন্টার স্থাপনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, গণপূর্ত অধিদপ্তর জমি জরিপ ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করে প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের বক্তব্য
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, তাঁর যোগদানের আগে বালু গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমির তথ্য-উপাত্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। তবে ১৯ জুলাইয়ের সভায় জেলা প্রশাসনের নামে যে নেতিবাচক অভিমতের কথা উল্লেখ করা হয়েছে, এ ধরনের কোনো প্রতিবেদন জেলা প্রশাসন থেকে পাঠানো হয়নি।
তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের আর্থসামাজিক ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে।
কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক বলেন, জমির সম্ভাব্যতা ও কার্যকারিতা যাচাই করে প্রতিবেদন অনেক আগেই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
জিএসবির উপপরিচালক (ভূতত্ত্ব) ড. সোহেল রানা বলেন, বালু থেকে হেভি ও লাইট মিনারেল পৃথক করা সম্ভব হলে আমদানিনির্ভরতা কমবে। পাশাপাশি দেশে টাইটানিয়াম ও জিরকোনিয়ামভিত্তিক শিল্প গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বেবু বলেন, প্রকল্পটির কাজ শুরু হওয়ার আগেই লাভ-ক্ষতির বিষয়ে নেতিবাচক অবস্থান নেওয়া কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের বিষয়টি তাঁর জানা নেই। তবে বালু গবেষণা কেন্দ্র স্থাপন নিয়ে কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা তথ্যের বিভ্রান্তি থাকলে তা দ্রুত নিরসনের ব্যবস্থা নেওয়া হবে।
প্রকল্পটির সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, নথির অসংগতি নিরসন এবং প্রকল্পের অর্থনৈতিক ও পরিবেশগত সম্ভাব্যতা স্বচ্ছভাবে যাচাই করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
