হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম সদর হাসপাতালে এনসিপির পরিচ্ছন্নতা অভিযান

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম সদর হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদর উপজেলা শাখা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতাল ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। মশা-মাছি নিয়ন্ত্রণেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

কর্মসূচির উদ্বোধন করেন এনসিপির কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক শাজাহান আলী সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদর উপজেলা শাখার সদস্যসচিব।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা নারী শক্তির সদস্যসচিব মেরিনা পারভীন, জেলা শাখার মিডিয়া সেলের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মামুন, জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান এবং পরিচ্ছন্নতা অভিযানের টিম লিডার ইয়াকুব আলী আইয়ুবসহ সংগঠনের নেতাকর্মীরা। ডেপুটি সিভিল সার্জন ডা. আ. ন. ম. গোলাম মোহাইমেনসহ স্বাস্থ্য কর্মকর্তারাও কার্যক্রমের খোঁজ নেন।

শাজাহান আলী সুমন বলেন, পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে চালানোর পরিকল্পনা রয়েছে। দেশের স্বার্থে এ ধরনের উদ্যোগে রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও দাবি করেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মোজাহিদের উদ্যোগে হাসপাতালে দৈনিক এক হাজার টাকা মজুরিতে ছয়জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, শিশু বিভাগে নতুন চিকিৎসক যোগ দিয়েছেন এবং আরও পাঁচজন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে।

জেলা নারী শক্তির সদস্যসচিব মেরিনা পারভীন বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে নিয়মিত কর্মসূচির পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। হাসপাতাল পরিষ্কার রাখার দায়িত্ব সবার বলেও মন্তব্য করেন তিনি।

কুড়িগ্রামের আরো খবর

Exit mobile version