হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দীপ্ত টেলিভিশনের ইউনুছ আলী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, এনটিভির হাসিবুর রহমান হাসিব, ৭১ টিভির রাজু মোস্তাফিজ, চ্যানেল আইয়ের শ্যামল ভৌমিক, ইত্তেফাকের ফজলে ইলাহী স্বপন, নয়া দিগন্তের রেজাউল করিম রেজা, মাই টিভির আশরাফুল হক রুবেল, মানবজমিনের মিজানুর রহমান মিন্টু, সময় টিভির বাদশা সৈকত, ডিবিসির ওয়াহেদুজ্জামান তুহিন, সময়ের আলোর ঠান্ডা বক্সী, জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা এবং সকালের সময়ের ফিরোজ আলম মনু প্রমুখ।

সভাপতির বক্তব্যে সফি খান বলেন, দীর্ঘ ৫৯ বছর ধরে কুড়িগ্রাম প্রেসক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরে আসছে। জেলার প্রতিটি সংকট ও অর্জনে গণমাধ্যমকর্মীরা সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, আগামী দিনেও কুড়িগ্রামের স্থায়ী নদীভাঙন প্রতিরোধ, দারিদ্র্য বিমোচনসহ অঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে কুড়িগ্রাম প্রেসক্লাব আরও জোরালো ভূমিকা পালন করবে। জেলার সার্বিক অগ্রযাত্রায় দলমত-নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

কুড়িগ্রামের সর্বশেষ সংবাদ

Exit mobile version