হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, আমন ধানের ক্ষতির শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, আমন ধানের ক্ষতির শঙ্কায় কৃষক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় রাতের বৃষ্টির সঙ্গে হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা রোপা আমন ধানের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল এই শিলাবৃষ্টি।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই রাতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে এখন উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হবে, তা নিয়ে চিন্তায় আছি।’

একই এলাকার কৃষক সামছুল হক বলেন, ‘আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময়ে শিলাবৃষ্টি হলো। এতে ধানের ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমাদের বাঁচার উপায় কী?’

এ বিষয়ে জানতে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে শিলাবৃষ্টির পরিমাণ ও বৃষ্টিপাতের সুনির্দিষ্ট তথ্য জানা সম্ভব হয়নি।

এদিকে রাত হওয়ায় কৃষি বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। হঠাৎ শিলাবৃষ্টিতে এসব ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগে রয়েছেন কৃষকেরা।

Exit mobile version