বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে লাউয়ের দাম পিসপ্রতি ৩ টাকা, লোকসানে দিশেহারা কৃষক

· প্রকাশ:
কুড়িগ্রামে লাউয়ের দাম পিসপ্রতি ৩ টাকা, লোকসানে দিশেহারা কৃষক
ফেসবুকে শেয়ার করুন

আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম

কুড়িগ্রামে লাউয়ের বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। ক্ষেত থেকে তোলা প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৫ টাকায়। এত কম দামে বিক্রি করেও মিলছে না পর্যাপ্ত ক্রেতা। ফলে উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক কৃষকের পরিবহন খরচও উঠছে না। এতে চরম বিপাকে পড়েছেন জেলার লাউ চাষিরা।

কৃষকদের অভিযোগ, জমি ভাড়া, চাষাবাদ, সার, কীটনাশক, চারা ও মাচা তৈরিতে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেও তাঁরা উৎপাদিত লাউয়ের ন্যায্য দাম পাচ্ছেন না। বাজারে ক্রেতার অভাবে ক্ষেতেই নষ্ট হচ্ছে অনেক লাউ। কেউ কেউ বাধ্য হয়ে জমির পাশের সড়কে লাউ সাজিয়ে কম দামে বিক্রি করছেন।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের কৃষক ফিরোজ আলম জানান, এ বছর ২০ শতক জমিতে লাউ চাষ করতে তাঁর প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। জমি চাষ, চারা, সার, কীটনাশক ও মাচা তৈরিতে এ অর্থ ব্যয় করেন তিনি। অথচ এ পর্যন্ত লাউ বিক্রি করে পেয়েছেন মাত্র ২০০ টাকা।

তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে ফিরোজ আলম বলেন, কয়েক দিন আগে কুড়িগ্রাম জিয়া বাজারের আড়তে ৩৬টি লাউ বিক্রি করেছেন মাত্র ১১০ টাকায়। এতে কোনোভাবে পরিবহন খরচ মেটানো গেলেও যাতায়াতের খরচ উঠেনি। তাঁর ধারণা, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লাউয়ের আবাদ বেশি হয়েছে। ফলে বাজারে সরবরাহ বেড়ে দাম কমে গেছে।

একই গ্রামের কৃষক খন্দকার এনামুল হক জানান, ৮০ শতক জমিতে লাউ চাষ করতে তাঁর লক্ষাধিক টাকা খরচ হয়েছে। কিন্তু এ পর্যন্ত লাউ বিক্রি করে পেয়েছেন মাত্র চার হাজার টাকা। পাইকারি বাজারে প্রতি পিস লাউ ৩ থেকে ৪ টাকায় বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, পরিবহন খরচ তোলাও কঠিন হয়ে পড়েছে। তাই জমির পাশের সড়কে লাউ তুলে রেখে প্রতি পিস ৫ টাকা দরে বিক্রির চেষ্টা করছেন। পথচারীদের কেউ কেউ কিনলেও চাহিদা কম থাকায় অনেক লাউ জমিতেই পচে যাচ্ছে।

আক্ষেপ করে এনামুল হক বলেন, ‘আমার পুঁজি সব শেষ। ধারদেনা আছে। তিন সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। আমার কী হবে জানি না।’

রাজারহাট উপজেলার দেবালয় গ্রামের কৃষক বাবুল মিয়াও একই পরিস্থিতির মুখে পড়েছেন। তিনি জানান, গত বছর জমিতেই প্রতি পিস লাউ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করেছিলেন। এবার ভালো দামের আশায় ৩০ শতক জমিতে লাউ চাষ করেন। কিন্তু এবার ক্রেতার অভাবে উৎপাদিত লাউ বিক্রি করতে পারছেন না।

একই গ্রামের সুরুজ মিয়াসহ অনেক কৃষক লাউ চাষ করে লোকসানের মুখে পড়েছেন। তাঁদের অনেকেই জমি ভাড়া নিয়ে চাষাবাদ করায় এখন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আগাম আলু চাষের পরিকল্পনা থাকলেও লাউ চাষে পুঁজি হারিয়ে অনেকে নতুন করে আবাদ শুরু করতে পারছেন না।

কৃষি বিভাগ বলছে, গত বছর লাউয়ের ভালো দাম পাওয়ায় এ বছর কৃষকেরা বেশি জমিতে লাউ চাষ করেছেন। ফলে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিঠু চন্দ্র অধিকারী বলেন, গত বছর লাউয়ের দাম বেশি পাওয়ায় এ বছর কৃষকেরা বেশি পরিমাণে লাউ চাষ করেছেন। এ কারণে দাম কমে গেছে। ভালো দাম পাওয়ার জন্য কৃষকদের আগাম সবজি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে উৎপাদন খরচের তুলনায় বাজারদর অনেক কম হওয়ায় কৃষকদের লোকসান কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা ও কৃষিপণ্য বিপণনে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তাঁর অভিযোগ, অনশনের খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে গেছেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে স্বামী মো. ইমদাদুল […]

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশামনি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে। আশামনি ওই এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে […]

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

নভেম্বর ১১, ২০২৬

হুমায়ুন কবীর সূর্য ।। কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলার অটোচালক জাহিদ হাসান বশির হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে এজাহারভুক্ত ছয় আসামিকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারে উল্লেখ করা সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম। […]