হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে লাউয়ের দাম পিসপ্রতি ৩ টাকা, লোকসানে দিশেহারা কৃষক

কুড়িগ্রামে লাউয়ের দাম পিসপ্রতি ৩ টাকা, লোকসানে দিশেহারা কৃষক

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে ক্ষেত থেকে তোলা লাউয়ের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ এক কৃষক

আব্দুল খালেক ফারুক, কুড়িগ্রাম

কুড়িগ্রামে লাউয়ের বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। ক্ষেত থেকে তোলা প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৫ টাকায়। এত কম দামে বিক্রি করেও মিলছে না পর্যাপ্ত ক্রেতা। ফলে উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক কৃষকের পরিবহন খরচও উঠছে না। এতে চরম বিপাকে পড়েছেন জেলার লাউ চাষিরা।

কৃষকদের অভিযোগ, জমি ভাড়া, চাষাবাদ, সার, কীটনাশক, চারা ও মাচা তৈরিতে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেও তাঁরা উৎপাদিত লাউয়ের ন্যায্য দাম পাচ্ছেন না। বাজারে ক্রেতার অভাবে ক্ষেতেই নষ্ট হচ্ছে অনেক লাউ। কেউ কেউ বাধ্য হয়ে জমির পাশের সড়কে লাউ সাজিয়ে কম দামে বিক্রি করছেন।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের কৃষক ফিরোজ আলম জানান, এ বছর ২০ শতক জমিতে লাউ চাষ করতে তাঁর প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। জমি চাষ, চারা, সার, কীটনাশক ও মাচা তৈরিতে এ অর্থ ব্যয় করেন তিনি। অথচ এ পর্যন্ত লাউ বিক্রি করে পেয়েছেন মাত্র ২০০ টাকা।

তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে ফিরোজ আলম বলেন, কয়েক দিন আগে কুড়িগ্রাম জিয়া বাজারের আড়তে ৩৬টি লাউ বিক্রি করেছেন মাত্র ১১০ টাকায়। এতে কোনোভাবে পরিবহন খরচ মেটানো গেলেও যাতায়াতের খরচ উঠেনি। তাঁর ধারণা, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লাউয়ের আবাদ বেশি হয়েছে। ফলে বাজারে সরবরাহ বেড়ে দাম কমে গেছে।

একই গ্রামের কৃষক খন্দকার এনামুল হক জানান, ৮০ শতক জমিতে লাউ চাষ করতে তাঁর লক্ষাধিক টাকা খরচ হয়েছে। কিন্তু এ পর্যন্ত লাউ বিক্রি করে পেয়েছেন মাত্র চার হাজার টাকা। পাইকারি বাজারে প্রতি পিস লাউ ৩ থেকে ৪ টাকায় বিক্রি করতে হচ্ছে।

তিনি বলেন, পরিবহন খরচ তোলাও কঠিন হয়ে পড়েছে। তাই জমির পাশের সড়কে লাউ তুলে রেখে প্রতি পিস ৫ টাকা দরে বিক্রির চেষ্টা করছেন। পথচারীদের কেউ কেউ কিনলেও চাহিদা কম থাকায় অনেক লাউ জমিতেই পচে যাচ্ছে।

আক্ষেপ করে এনামুল হক বলেন, ‘আমার পুঁজি সব শেষ। ধারদেনা আছে। তিন সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না। আমার কী হবে জানি না।’

রাজারহাট উপজেলার দেবালয় গ্রামের কৃষক বাবুল মিয়াও একই পরিস্থিতির মুখে পড়েছেন। তিনি জানান, গত বছর জমিতেই প্রতি পিস লাউ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করেছিলেন। এবার ভালো দামের আশায় ৩০ শতক জমিতে লাউ চাষ করেন। কিন্তু এবার ক্রেতার অভাবে উৎপাদিত লাউ বিক্রি করতে পারছেন না।

একই গ্রামের সুরুজ মিয়াসহ অনেক কৃষক লাউ চাষ করে লোকসানের মুখে পড়েছেন। তাঁদের অনেকেই জমি ভাড়া নিয়ে চাষাবাদ করায় এখন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। আগাম আলু চাষের পরিকল্পনা থাকলেও লাউ চাষে পুঁজি হারিয়ে অনেকে নতুন করে আবাদ শুরু করতে পারছেন না।

কৃষি বিভাগ বলছে, গত বছর লাউয়ের ভালো দাম পাওয়ায় এ বছর কৃষকেরা বেশি জমিতে লাউ চাষ করেছেন। ফলে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মিঠু চন্দ্র অধিকারী বলেন, গত বছর লাউয়ের দাম বেশি পাওয়ায় এ বছর কৃষকেরা বেশি পরিমাণে লাউ চাষ করেছেন। এ কারণে দাম কমে গেছে। ভালো দাম পাওয়ার জন্য কৃষকদের আগাম সবজি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে উৎপাদন খরচের তুলনায় বাজারদর অনেক কম হওয়ায় কৃষকদের লোকসান কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা ও কৃষিপণ্য বিপণনে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

Exit mobile version