হামার কুড়িগ্রাম

কচাকাটা বাজার বণিক সমিতির সম্মেলন, সভাপতি আউয়াল ও সম্পাদক নওসাদ

মো. আবু সাঈদ ইসলাম, কচাকাটা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আলহাজ আব্দুল আউয়ালকে সভাপতি ও আলহাজ নওসাদ আলীকে সাধারণ সম্পাদক করে ২০২৬–২০২৯ মেয়াদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ‘ব্যবসায়ে ঐক্য, সমৃদ্ধিতে এগিয়ে যাই’ প্রতিপাদ্যে কচাকাটা বাজারে এ সম্মেলন হয়। সমিতির সভাপতি আলহাজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. খ. ম. ওয়াজিদুল কবির রাশেদ, কচাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন মাস্টার, কেদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ বাচ্চু এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।

সভায় আরও বক্তব্য দেন কেদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, জামায়াতে ইসলামীর কচাকাটা থানা শাখার আমির মাওলানা এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কচাকাটা থানা সভাপতি মাওলানা হাফেজ নুরুল ইসলাম, কচাকাটা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, কেদার যুবদলের সভাপতি আব্দুস ছালাম এবং বণিক সমিতির সদস্য মো. আলী আজাদ, আল মামুন, আমিনুর ইসলাম ও সাইদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেদার যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

সম্মেলনে সমিতির আগের বছরের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করা হয়। ব্যবসায়ীদের সমস্যা, প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়।

সমিতির উপদেষ্টা ও গোলেরহাট ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু হানিফের নির্দেশনায় আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য পদে রয়েছেন সহসভাপতি মাওলানা আব্দুল মোনায়েম, সহসাধারণ সম্পাদক মো. আলী আজাদ এবং কোষাধ্যক্ষ আমিনুর ইসলাম।

সমিতি সূত্রে জানা গেছে, সদস্যদের সঙ্গে আলোচনা করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। সম্মেলন শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

কুড়িগ্রামের আলোচিত সংবাদ

Exit mobile version