হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ সাবেক জাসাস নেতা গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মো. লুৎফর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার খড়িবাড়ী বাজারের মাদ্রাসা মোড় এলাকায় তাঁর কনফেকশনারি দোকানে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, খড়িবাড়ী বাজারে ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের পশ্চিম পাশে লুৎফর রহমানের দোকান রয়েছে। সেখানে অভিযান চালিয়ে দোকানের ভেতর থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লুৎফর রহমান উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনোয়ার বাড়ি এলাকার বাসিন্দা। তিনি মো. আনোয়ার আলী ওরফে ইমান আলীর ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন বলে জানা গেছে।

অভিযান শেষে তাঁকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, মাদকসহ একজনকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে ওই সময় তিনি থানায় ছিলেন না।

Exit mobile version