হামার কুড়িগ্রাম

দাসিয়ারছড়ায় মাদক প্রতিরোধে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

বিপুল মিয়া, ফুলবাড়ী

‘সবাই মিলে লড়ব, মাদকমুক্ত দেশ গড়ব’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে স্থানীয় সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে দাসিয়ারছড়ার কামালপুর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কামালপুর মইনুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক মাইদুল ইসলাম, নবীনচন্দ্র বর্মন এবং মাদক প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। দাসিয়ারছড়ায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তাঁরা।

কামালপুর মইনুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। এলাকায় মাদক কেনাবেচা হলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রয়োজনে মাদক কারবারিদের বিষয়ে প্রশাসনকে অবহিত করে সামাজিকভাবে প্রতিরোধ করা হবে।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাসিয়ারছড়াকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

Exit mobile version