ভূরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। তবে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মো. রফিকুল হাসান রঞ্জু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শামসুল আলম মতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ নুর-জামান, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী মো. আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক মো. শহিদুল ইসলাম আকন্দ এবং ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহ-কমান্ডার এ টি এম শাহজাহান মানিক এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কাজী নিজাম উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
যেভাবে হানাদারমুক্ত হয়েছিল ভূরুঙ্গামারী
১৯৭১ সালের ১৪ নভেম্বর দেশের প্রথম উপজেলা হিসেবে ভূরুঙ্গামারী হানাদারমুক্ত হয় বলে স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাসে উল্লেখ রয়েছে। মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব-সেক্টরের মুক্তিযোদ্ধারা দক্ষিণ দিক খোলা রেখে উত্তর, পশ্চিম ও পূর্ব দিক থেকে একযোগে আক্রমণের পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী, ১৩ নভেম্বর মুক্তিবাহিনী কামান, মর্টারসহ ভারী অস্ত্র দিয়ে পাকিস্তানি বাহিনীর ওপর গোলাবর্ষণ শুরু করে। একই সময়ে ভারতীয় যুদ্ধবিমান আকাশে চক্কর দিতে থাকে। একপর্যায়ে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ বন্ধ করে পিছু হটে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় অবস্থান নেয়।
পরদিন ১৪ নভেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা বিজয়ের স্লোগান দিয়ে ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয় ও তৎকালীন সিও অফিসের (বর্তমান উপজেলা পরিষদ) সামনে পৌঁছান। সেখানে বাংলাদেশের মানচিত্রখচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ওই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন আতাউল্লাহ খানসহ ৪০ থেকে ৫০ জন সেনা নিহত এবং ৩০ থেকে ৪০ জন আটক হন বলে স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে। এ ছাড়া তৎকালীন সিও অফিসের দোতলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে নির্যাতিত কয়েকজন নারীকে উদ্ধার করা হয়। তাঁদের অনেকেই অন্তঃসত্ত্বা ছিলেন। ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের একটি তালাবদ্ধ কক্ষ থেকেও নির্যাতনের শিকার ১৬ জন নারীকে উদ্ধার করা হয়।
মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগের স্মৃতিবিজড়িত ১৪ নভেম্বর ভূরুঙ্গামারীবাসীর কাছে গৌরব ও বেদনার এক ঐতিহাসিক দিন। প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।







