পুলিশ সদস্যদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়


Hamar Kurigram প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ১০:৫০ অপরাহ্ন /
পুলিশ সদস্যদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন পুলিশ সদস্যরা। জমজমাট এ লড়াইয়ে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় ব্রাজিল সমর্থক দল।

শুক্রবার (১২ জুন) বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. গোলাম মোর্শেদ এবং ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।

৩০ মিনিটের ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা সমর্থক দল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পরপর দুটি গোল আদায় করে নেয় ব্রাজিল সমর্থকরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল দল।

ম্যাচটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমী মানুষ। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা।

ম্যাচ শেষে ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের মানুষের মতো পুলিশ সদস্যদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি দীর্ঘদিন পর মাঠে খেলতে পেরে সবাই উচ্ছ্বসিত।

অন্যদিকে গোলাম রসুল রাজা বলেন, এমন আয়োজন প্রশংসার দাবিদার। খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এ ধরনের আয়োজন সেই ইতিবাচক বার্তাই বহন করে।