
মোঃ মশিউর রহমান বিপুল, হামার কুড়িগ্রাম
আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত কুড়িগ্রামসহ সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ শিশুকে টিকা প্রদান করা হবে।
রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। তিনি বলেন, শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে তিন সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নির্ধারিত শিশুদের মধ্যে ছেলে ১ লাখ ৩৬ হাজার ৭০৭ জন এবং মেয়ে ১ লাখ ৩৪ হাজার ৯৯২ জন। তাদের টিকা প্রদানের জন্য জেলায় ১০টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১ হাজার ৮৫০টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, “হাম-রুবেলা একটি প্রতিরোধযোগ্য রোগ। নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনাও নিশ্চিত করা হয়েছে।”
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, নির্ধারিত সময়ে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করতে হবে। কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি।
সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা জানান, টিকাদান কার্যক্রম চলাকালে কোনো ধরনের জটিলতা এড়াতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক তদারকি থাকবে। তারা আশা প্রকাশ করেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে কুড়িগ্রামে হাম ও রুবেলা প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।
আপনার মতামত লিখুন :