
শাহ্জাহান খন্দকার , উলিপুর
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বেগুন ক্ষেতের আড়ালে গাঁজার চারা রোপণ ও পরিচর্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজার চারা ও ডাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা ৫০ মিনিটের দিকে তবকপুর ইউনিয়ন এর মাটিয়াল আদর্শ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে ১০ এপ্রিল রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকার বাসিন্দা মোঃ রওশন আলম ওরফে দেলদার (৪৭) স্থানীয় সিদ্দিকুর রহমানের কাছ থেকে বর্গা নেওয়া জমিতে অবৈধভাবে গাঁজার চারা রোপণ করে পরিচর্যা করছেন।
সংবাদ পেয়ে উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাত ১১টা ৪০ মিনিটে অভিযানে যান। এ সময় অভিযুক্ত রওশন আলম তার বাড়িতে অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে তিনি বর্গা নেওয়া জমিতে গাঁজার চারা রোপণের বিষয়টি স্বীকার করেন। তার দেখানো মতে পুলিশ ওই জমিতে অভিযান চালিয়ে বেগুন ক্ষেতের ভেতর থেকে ৫টি গাঁজার চারা (ডালপালা কাটা অবস্থায়) এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা আরও ৬টি গাঁজার ডাল ও পাতা উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামত জব্দ করে ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রওশন আলমের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় উলিপুর থানা-তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর এফআইআর-১১/২০২৬ এবং জিআর নম্বর-৭৩/২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :