রাজারহাটে মসজিদের খাস জমি দখল নিয়ে চাঞ্চল্য, ভুয়া স্ট্যাম্প ও মামলার অভিযোগে উত্তেজনা


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন /
রাজারহাটে মসজিদের খাস জমি দখল নিয়ে চাঞ্চল্য, ভুয়া স্ট্যাম্প ও মামলার অভিযোগে উত্তেজনা

কে.এম. মামুন অর-রশিদ , রাজারহাট

রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর মধ্য কলনীপাড়া জামে মসজিদের খাস জমি দখলকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় গ্রাম পুলিশ জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ভুয়া স্ট্যাম্প তৈরি, জমি বেদখল এবং সচেতন মহলের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মসজিদের দখলভুক্ত সরকারি খাস জমিটি ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়ে আসছিল। তবে সম্প্রতি জিয়াউর রহমান ও তার বাবা মজিবুর রহমান ভুয়া স্ট্যাম্পের মাধ্যমে জমিটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আজিজল হক, মাইদুল চিশতী, আব্দুল খালেক, আয়নাল হক ও আব্দুল হকসহ আরও কয়েকজনের সম্পৃক্ততার কথাও উঠে এসেছে।

এ বিষয়ে একাধিকবার গ্রাম্য শালিস অনুষ্ঠিত হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত উপেক্ষা করে জোরপূর্বক দখল কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন গ্রাম পুলিশ হয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো নিন্দনীয়। দখলের প্রতিবাদ করায় মসজিদ ও কবরস্থান কমিটির সদস্যসহ সচেতন ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে গ্রাম পুলিশ জিয়াউর রহমান ফোনে সব অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা জানান, মসজিদের জমি রক্ষায় তারা ঐক্যবদ্ধ এবং কোনোভাবেই অবৈধ দখল মেনে নেবেন না।

এলাকাবাসী দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।