
ডেস্ক নিউজ
পবিত্র ঈদুল ফিতর-এর ছুটিতে যখন সবাই উৎসবে ব্যস্ত, তখন পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে সাইকেলের প্যাডেলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কুড়িগ্রামের তরুণ সাইক্লিস্ট শাহাদত আলী সৌমিক। কুড়িগ্রাম থেকে শুরু করে পাবনা ও রাজশাহী পর্যন্ত প্রায় ৩৯০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি, মাত্র ৫ দিনে।
ঈদের দিন সন্ধ্যায় কুড়িগ্রাম থেকে যাত্রা শুরু করে প্রথম দিনেই ৫০ কিলোমিটার অতিক্রম করে রংপুর পৌঁছান শাহাদত। পরবর্তী দিনগুলোতে রংপুরের আরও তিন সাইক্লিস্ট তার সঙ্গে যুক্ত হন। দ্বিতীয় দিনে তিনি টানা ১৬৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নাটোর পৌঁছান।
তৃতীয় দিনে নাটোর থেকে ৮৭ কিলোমিটার রাইড শেষে ঈশ্বরদী পৌঁছে যাত্রাবিরতি করেন। চতুর্থ দিনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে আরও ৯৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজশাহীতে পৌঁছান তিনি।
শেষ দিনে শাহাদত তার সাইকেলে চড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিমানবন্দর, রাজশাহী রেলওয়ে স্টেশন এবং পদ্মা নদীর পাড়সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। এদিন তিনি প্রায় ৪৩ কিলোমিটার রাইড সম্পন্ন করেন।
৫ দিনের এই যাত্রায় তিনি যেমন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেছেন, তেমনি প্রতিকূলতা জয় করে নিজের মানসিক ও শারীরিক সক্ষমতারও প্রমাণ দিয়েছেন।
সফল যাত্রা শেষে শাহাদত আলী সৌমিক বলেন, “সাইকেলে ঘুরি, দূষণমুক্ত পরিবেশ গড়ি, দূষণমুক্ত বাংলাদেশ গড়ি।” তিনি মনে করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সুস্থ জীবনযাপনের জন্য সাইক্লিং অত্যন্ত কার্যকর।
তার এই ব্যক্তিগত উদ্যোগ ইতোমধ্যে কুড়িগ্রামসহ দেশের সাইক্লিং কমিউনিটিতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে আরও বড় লক্ষ্য নিয়ে পথচলার পরিকল্পনাও রয়েছে তার।
আপনার মতামত লিখুন :