
ডেস্ক নিউজ
আজ বসন্তের প্রথম প্রভাত, একইসঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুর নবীন আগমন আর হৃদয়ের উচ্ছ্বাস মিলেমিশে এক অনন্য উৎসবের আবহ তৈরি করেছে কুড়িগ্রাম জুড়ে। সকাল থেকেই শহরের বাতাসে ছিল ফুলের সুবাস, রঙিন পোশাক আর হাসির ঝিলিক।
জেলা শহরের কলেজ মোড় এলাকায় সকাল থেকেই ছিল বাড়তি কোলাহল। ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভিড়—কারও হাতে লাল গোলাপ, কারও হাতে রঙিন পুষ্পস্তবক। প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত তরুণ-তরুণীরা। বসন্তের হলুদ-কমলা আভায় সেজে ওঠা পোশাক যেন দিনটির আনন্দকে আরও উজ্জ্বল করে তুলেছে।
সদর উপজেলার শিক্ষার্থী জেসমিন আক্তার বলেন,
“ভালোবাসা ও বসন্ত বরণের এই দিনে কুড়িগ্রামসহ দেশবাসীকে শুভেচ্ছা। ফুল ভালোবাসার প্রতীক—দিনটি ভালোবাসায় ভরে উঠুক।”
উলিপুরের দুর্গাপুর এলাকার চাকরিজীবী লোকমান হাকীম মনে করিয়ে দেন ভালোবাসার গভীরতর দিকটি—
“ভালোবাসা দিবস শুধু প্রেমিক-প্রেমিকার জন্য নয়। স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান—সব সম্পর্কের আন্তরিকতাই এই দিনের আসল সৌন্দর্য।”
দিনটি ঘিরে শহরের বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলোতেও ছিল মানুষের ঢল। বিশেষ করে ধরলা সেতু এলাকায় ছিল চোখে পড়ার মতো ভিড়। অনেকেই সেখানে ঘুরে বেড়িয়েছেন, তুলেছেন সেলফি, প্রিয়জনকে উপহার দিয়েছেন ফুল—কেউবা বসন্তের আকাশের নিচে কাটিয়েছেন নির্ভার কিছু মুহূর্ত।
বসন্ত আর ভালোবাসা—দুটি অনুভূতির মেলবন্ধনে আজ কুড়িগ্রাম যেন হয়ে উঠেছে এক রঙিন আবেগের শহর।
আপনার মতামত লিখুন :