
ডেস্ক নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ কুড়িগ্রাম–২ আসনে বিজয়ের গেজেট প্রকাশের পরই রাজনৈতিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সংক্ষিপ্ত এক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, গেজেটেড।” তবে শুধু আনুষ্ঠানিকতা নয়—এই বার্তার মধ্য দিয়েই তিনি কুড়িগ্রামে বিভাজনের রাজনীতি পরিহার করে সম্মান, উন্নয়ন ও ইনসাফভিত্তিক নতুন ধারার রাজনীতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ড. আতিক বলেন, দল-মতের ভেদাভেদ ভুলে ঐক্যের পথে এগিয়ে কুড়িগ্রামকে পারস্পরিক শ্রদ্ধা ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতির মডেল জেলায় রূপান্তর করা হবে। এ লক্ষ্যেই তিনি পরাজিত প্রার্থী, বিএনপি সমর্থিত সোহেল হোসনাইন কায়কোবাদ-এর সহযোগিতা কামনা করেন।
তার ভাষায়, কুড়িগ্রামের ভবিষ্যৎ গড়তে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ—প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু শত্রুতা নয়; মতভেদ থাকবে, কিন্তু বিভেদ নয়।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী হিসেবে নির্বাচিত ড. আতিক মুজাহিদের এই অবস্থান স্থানীয় রাজনীতিতে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এটি কুড়িগ্রামের রাজনীতিতে নতুন সমন্বয়ের সূচনা হতে পারে।
আপনার মতামত লিখুন :