আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ২:৩১ অপরাহ্ন /
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দৃঢ় প্রত্যয়

ডেস্ক নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল ১০টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

ব্রিফিংকালে পুলিশ সুপার দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সকল আদেশ ও নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রতিপালন করতে হবে। তিনি আরও বলেন, পূর্বের চেয়ে আরও বেগবান হয়ে সম্পূর্ণ সততা, সাহস, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে আইনানুগভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে, তাদের কাউকেই কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে জেলা পুলিশের নিরবিচ্ছিন্ন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা।