
জাহিদ হাসান ।। রাজারহাট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের এক বিশাল নির্বাচনী জনসভা।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। বিকেল ৪টায় শুরু হওয়া জনসভায় রাজারহাট ও আশপাশের এলাকার প্রায় ১৫ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আতিক মুজাহিদ। তিনি শাপলা কলি মার্কার পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, কুড়িগ্রামের টেকসই উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। পরিবর্তনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মু. শাহজালাল সবুজ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখা; মোঃ সবেবর রহমান, সহকারী পরিচালক, খেলাফত মজলিস, রংপুর অঞ্চল; এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা এবং মাওলানা খলিলুর রহমান, জেলা সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়াও জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সঞ্চালনা করেন জোটের স্থানীয় নেতৃবৃন্দ। জনসভাটির আয়োজন করে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট, রাজারহাট শাখা।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদকে বিজয়ী করে একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলনে শরিক হওয়ার জন্য তারা এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :