কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠ সফর


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন /
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠ সফর

‘হালাবট’ এলাকায় কৃষকের জমিতে হাতে-কলমে কৃষি শিক্ষা

ডেস্ক নিউজ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল–১, সেমিস্টার–১-এর শিক্ষার্থীদের ‘এগ্রোনমি’ বিষয়ে বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করতে মঙ্গলবার (২০ জানুয়ারি) একটি মাঠ সফর অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন হালাবট এলাকায় স্থানীয় কৃষকের জমিতে আয়োজিত এ সফরে শিক্ষার্থীদের ধান চাষের আধুনিক ও প্রথাগত কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মাঠ পর্যায়ে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা ধান চাষের বিভিন্ন কলাকৌশল নিজ হাতে প্রয়োগ করার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, যাতে তারা ভবিষ্যতে দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে উঠে নিরাপদ খাদ্য উৎপাদনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম বলেন, “এ ধরনের মাঠ পর্যায়ের কার্যক্রম পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ তৈরি করে। এটি শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক, উদ্ভাবনী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ভিত্তি গড়ে তুলতে সহায়ক।”

তিনি আরও বলেন, “মাঠ পর্যায়ের এই বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে তুলবে। ভবিষ্যতে এই দক্ষ কৃষিবিদরা নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিতভাবে এ ধরনের ব্যবহারিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।”