
ডেস্ক নিউজ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঘুষ লেনদেনকে কেন্দ্র করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোঃ আব্দুর রাজ্জাক রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং আবু হাসনাত মোঃ মিজানুর রহমান রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও চিত্র প্রতিবেদকের হাতে এসেছে।
এ বিষয়ে ডিলার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, লেনদেন সংক্রান্ত একটি বিষয় নিয়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। তবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীমাংসা করে দেবেন বলে তিনি আশাবাদী।
অন্যদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মোঃ মিজানুর রহমান দাবি করেন, টিসিবি কার্যক্রমের চালের ডিও সংক্রান্ত বিষয় নিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ওই ডিলার ও এক যুবদল নেতা উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালান। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন এবং তার পরামর্শ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে থানায় লিখিত অভিযোগ দেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহনেওয়াজ জানান, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :